বিসিআইকে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে হবে: এ. কে. আজাদ

ওয়ান নিউজ ডেক্সঃ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ বলেছেন, করোনাভাইরাসের প্রভাবে ছোট-বড় অনেক প্রতিষ্ঠান সমস্যায় পড়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছে না। কিছু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আবার অনেক বড় প্রতিষ্ঠান আংশিক কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে তরুণ উদ্যোক্তারা দিশা পাচ্ছেন না। ছোট, মাঝারি ও বড় ব্যবসা প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলোকে কাজ করতে হবে।

শনিবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ. কে. আজাদ এসব কথা বলেন। তিনি বিসিআইরও সাবেক সভাপতি।

এ. কে. আজাদ বলেন, ‘আমি একটি প্রতিষ্ঠান সম্পর্কে জানি, যাদের বিপণন দক্ষতা চমৎকার। সমস্যা হচ্ছে প্রতিষ্ঠানটির ৩৫০ কোটি টাকার সম্পদ আছে, কিন্তু ব্যাংকের দায় ৪৫০ কোটি টাকা। এখন তারা নতুন কিছু করতে পারছে না। এ ধরনের প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো দরকার।’

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, বিসিআইকে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। এজন্য সংগঠনের সভাপতির দায়িত্ব সবচেয়ে বেশি। এছাড়া অন্য যারা সংগঠনের পরিচালনা পর্ষদে আছেন, তাদের সবাইকে কাজ করতে হবে। শুধু নামে সংগঠনে থাকলে চলবে না, সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকতে হবে। বিসিআই যে লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল সেভাবে এগোতে পারেনি। এর অন্যতম কারণ, যারা এর পর্ষদে এসেছেন, তারা সংগঠনকে ঠিকমতো গুরুত্ব দেননি। গুরুত্ব না দিলে সংগঠন দাঁড়াবে না। তিনি নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতিসহ অন্য সবাইকে গুরুত্বসহকারে কাজ করার আহ্বান জানান।

নতুন কমিটির পরিচালকদের মধ্যে রয়েছেন- নাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রঞ্জন চৌধুরী, ম্যাটাডোর টুথব্রাশের এমডি জাহাঙ্গীর আলম, রাজা ইন্টারন্যাশনাল সলিউশনের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন রাজা, শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন, নিপ্পন ইন্ডাস্ট্রিজের এমডি মো. মহব্বত উল্লাহ, টোটাল বিজনেস সলিউশনের এমডি মিজানুর রহমান, সিনার্জি বিল্ডিং টেকনোলজির এমডি রেহানা রহমান, যমুনা মিটার ইন্ডাস্ট্রিজের এমডি আবুল কালাম ভূইয়া। এছাড়া আরও রয়েছেন ইজি কুক ফুডের চেয়ারম্যান জিয়া হায়দার মিঠু, ট্রিমস ম্যানুফ্যাকচারিংয়ের এস এম শাহ আলম মুকুল, টেকনোমিডিয়ার এমডি যশোদা জীবন দেবনাথ, কেবিসি কেমিক্যালের চেয়ারম্যান শাহ আলম লিটু, শাহ ফতেউল্লাহ টেক্সটাইল মিলের ভাইস চেয়ারম্যান শহীদ আলম, ইনডেক্স অ্যাক্সেসরিজের এমডি চৈতন্য কুমার দে (চয়ন), ইউনুস গ্রুপের এমডি মোহাম্মদ ইউনুস, মিনিস্টার হাই-টেক পার্কের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান, আকতার ফার্নিচারের পরিচালক কে এম রিফাতুজ্জামান, কোলোএশিয়া লিমিটেডের পরিচালক রুসলান নাসির, ডিজিটাল হাব বাংলাদেশের এমডি নাজমুল আনোয়ার, হ্যাচিন্থ ফেব্রিক মিলসের এমডি খায়ের মিয়া এবং তোহফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইশাকুল হোসেন সুইট।

উপস্থিত নবনির্বাচিত পরিচালকদের ফুল দিয়ে অভিবাদন জানান এ. কে. আজাদ। এছাড়া নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বারভিডা সভাপতি আব্দুল হকসহ অন্য সদস্যদের ক্রেস্ট দেওয়া হয়। ক্রেস্ট দেওয়া হয়েছে বিদায়ী পরিচালকদেরও।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.