ওয়ান নিউজঃ লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর ওপর বিমান হামলার পর এখন ইরানের দিক থেকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করছে ইসরাইল। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরান ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এবং তারা সেই পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইডিএফ জানিয়েছে, বৈরুতে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির ‘সংশ্লিষ্ট সব কমান্ডারের’ সঙ্গে বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করছেন। সামরিক বাহিনীর বর্তমান মূল্যায়ন অনুযায়ী, ইরান ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।
এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক—উভয় ধরনের পরিস্থিতির জন্যই আইডিএফ সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখছে।’ তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে কোনো ধরনের গোলাবর্ষণ বা হামলা বরদাশত করা হবে না।’ তবে এখন পর্যন্ত বেসামরিক নাগরিকদের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।
