বিএনপি আরেকটা ১/১১ চাচ্ছে : কাদের
ওয়ান নিউজঃ ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রায়ের পর উসকানিমুলক বক্তব্য দিয়ে আরেকটি ১/১১ করতে চাইছে। কিন্তু তাদের এই স্বপ্ন বাস্তবায়িত হতে দেয়া হবে না।
বুধবার দুপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের শোক দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা মওদুদ আহমদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মওদুদ সাহেব বলেন, আমাদের নাকি চরম মূল্য দিতে হবে। চরম মূল্য আপনাদের দিতে হবে। যে সাপ নিয়ে খেলা শুরু করেছেন, সেই সাপের ছোবল থেকে রেহাই পাবেন না।
কাদের বলেন, তারা ভাবছে সরকারের রক্ষা নাই, পিলখানা হত্যাকাণ্ডের সময়ও ভেবেছিল। রায়ের পর তারা ভেবেছে তাদের সুবর্ণ বিজয় সমাগত, হারানো ময়ূর সিংহাসন তাদের অপেক্ষায় ভেবেছিল।
সরকারের এই মন্ত্রী বলেন, তাদের দিবা-স্বপ্নের ফাঁপা বেলুন অচিরেই চুপসে যাবে। ঘোলা পানিতে মাছ শিকার করে আর ক্ষমতায় আসা যাবে না।
জাতীয় ক্রীড়াপরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.