ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ দেশীয় ব্যান্ডের প্রসার ও প্রতিভাবান ব্যান্ডগুলোকে স্থায়ী একটি প্লাটফর্ম দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্যান্ড সঙ্গীতের একমাত্র সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। সম্প্রতি বামবা নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু করে। এই কার্যক্রমের আওতায় নতুন করে ২৭টি ব্যান্ডদল যুক্ত হলো বামবায়।
গত ১৩ জানুয়ারি সারা দেশ থেকে নতুন ব্যান্ডদল অন্তর্ভুক্তির জন্য আমন্ত্রণ জানায় বামবা। এই আমন্ত্রণে বামবা ব্যাপক সাড়া পায় বলে জানায় সে সময়। দেশের শতাধিক জনপ্রিয়, উঠতি এবং নতুন ব্যান্ড সদস্য হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করে। সেখান থেকে যাচাই-বাছাই ও অডিশনের মাধ্যমে মোট ২৭টি ব্যান্ডদলকে অন্তর্ভুক্ত করলো দেশের ব্যান্ড সংগীতের একমাত্র এই সংগঠনটি।
৭ ফেব্রুয়ারি যমুনা ফিউচার পার্কের ‘ইয়ামাহা মিউজিক বাংলাদেশ’ প্রাঙ্গণে আড়ম্বর এক অডিশনের মাধ্যমে নতুন সদস্য বাছাই কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। এই অডিশন পর্বের নাম দেয়া হয় ‘ইয়ামাহা-বামবা জ্যাম সেশন’। এই অডিশন পর্ব থেকে যাচাই বাচাই করে নতুন ব্যান্ডদলগুলোকে বামবার সদস্যপদ দেওয়া হয়।

বামবায় নতুন অন্তর্ভুক্ত হওয়া দলগুলো হচ্ছে- আর্ক, অ্যাশেজ, অ্যাবাউট ডার্ক, বে অফ বেঙ্গল, ব্যান্ড চাতক, কঙ্কলুশন, ক্রাঞ্চ, এলিটা অ্যালাইভ, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস (এফএন্ডএফ), হার্টস রিলেশান ব্যান্ড, ইন্দালো, জলের গান, মরুভূমি, মেট্রিক্যাল, নাটাই, ওন্ড, অবলিক, পরাহো, পার্থিবো, শহরতলী, স্পন্দন, শুভযাত্রা, সিন, থ্র্যাশ, তরুণ ব্যান্ড, তীরন্দাজ ও উন্মাদ।
এর আগে অডিশন পর্ব ‘ইয়ামাহা-বামবা জ্যাম সেশন’-এ বিচারকের আসনে বসা ছিলেন বামবার সভাপতি হামিন আহমেদ (মাইলস) , সহসভাপতি এস.এম আলম টিপু (ওয়ারফেইজ), সাধারণ সম্পাদক শাকিব চৌধুরী (ক্রিপটিক ফেইট), সহকারী সাধারণ সম্পাদক কাজী আশেকীন সাজু (আর্টসেল), কোষাধ্যক্ষ আলী সুমন (পেন্টাগন)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.