সহজ ম্যাচ কঠিন করে জিতলেন বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ওয়ানডে সিরিজ

ওয়ান নিউজ ডেক্সঃ রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২০৫ রান তোলে শ্রীলঙ্কা। ওপেনার ইমেশা দুলানির ৫২ ও চারে নামা হানসিমা করুনারত্নের ৫৪ রানের ইনিংস লঙ্কানদের দুই শ পাড়ি দেওয়ার ভিত। ৩৬ রানে ৩ উইকেট নেন পেসার রিতু মনি।

তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৩ উইকেটে জেতে বাংলাদেশ। তিনে নামা শারমিন আক্তারের ৮৬ রানের ইনিংস এ জয়ের ভিত। প্রথম ওভারে ওপেনার শারমিন সুলতানা ও দ্বিতীয় ওভারে জুয়াইরিয়া ফেরদৌসকে হারানোর পর তৃতীয় উইকেটে অধিনায়ক নিগারের সঙ্গে ২৯ রানের জুটি গড়েন শারমিন। ওয়ানডে অভিষেকে ৫ রানে আউট হন জুয়াইরিয়া।

১৩ রান করা নিগার নবম ওভারে শেষ বলে আউট হওয়ার সময় বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৩৪।

চতুর্থ উইকেটে ৮৭ রানের জুটি গড়েন শারমিন ও সোবহানা মুশতারি। ৪১ রান করা সোবহানা রিটায়ার্ড হার্ট হন ২৮তম ওভারে। এরপর পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তারকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন শারমিন।

শারমিন ৪৪.৩ ওভারে আউট হওয়ার পর দ্রুত একাধিক উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৪৪.৩ থেকে ৪৬.১— এই ১১ বলের মধ্যে ১ রানে পড়েছে ৪ উইকেট! আউট হন শারমিন, স্বর্ণা (৩৫), রিতু (০) ও রাবেয়া (১)।

শারমিন ও স্বর্ণা ৪৪তম ওভার শেষ করার পর জয়ের জন্য ৩৬ বলে ৭ রান দরকার ছিল বাংলাদেশের। হাতে ছিল ৭টি উইকেট। কিন্তু পরবর্তী ১৩ বলের মধ্যে ১ রানে ৪ উইকেট নেওয়ার পর বাংলাদেশের রানের চাকাও আটকে দিয়েছিলেন শ্রীলঙ্কার বোলাররা। শেষ পর্যন্ত জয়ের জন্য শেষ দুই ওভারে ২ রান দরকার ছিল বাংলাদেশের।

আগামী বুধবার রাজশাহীতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর আগামী শনিবার তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে যাওয়া নিগার সুলতানার দল। সিলেটে তিন ম্যাচের টি–টুয়েন্টিও খেলবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২০৫/৯ (হানসিমা ৫৪, দুলানি ৫২, কাভিশা ৩০ পেরেরা ২৭ ; রিতু ৩/৩৬, নাহিদা ২/৩৮, মারুফা ১/২৪, সুলতানা ১/৪০, রাবেয়া ১/৩১)।

বাংলাদেশ: ৪৮.৩ ওভারে ২০৬/৭ (শারমিন ৮৬, সোবহানা ৪১, স্বর্ণা ৩৫, নিগার ১৩; ভিহাগা ৩/৪৩, মাদারা ২/৩৭, নিমাশা ১/৩১)।

ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: শারমিন আক্তার

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

মন্তব্য করুন

আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্র রিরোধী এবং উষ্কানীমূলক কোন মন্তব্য বা বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোন ধরনের আপত্তিকর মন্তব্য বা বক্তব্য সংশোধনের ক্ষমতা রাখেন।