দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেক্সঃ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবেন। কি নৌকা মার্কায় ভোট দেবেন তো? মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। শেখ হাসিনা বলেন, ৭৫ এর পর দেশে হত্যা-গুম-খুনের রাজনীতি শুরু হয়।

তিনি বলেন, নৌকা হচ্ছে বিপদের প্রতীক। নৌকা ভোট দিয়েছিলেন বলে সবই পেয়েছেন। আগামীতেও ভোট দেবেন। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে-শান্তিতে থাকে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন আমরা সবাই মিলে দেশকে গড়ে তুলি। আমার ব্যক্তিগত কোনও চাওয়া পাওয়া নেই। আমি তো সব হারিয়েছি। বাংলাদেশে এসেছি কেবল দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে। আমি বাবার মতো, আমার পরিবারের মতো, আপনাদের কল্যাণে নিজের জীবন বিলিয়ে দেবো।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ যখন ছিল না তখন দেশের উন্নয়ন হয়নি। আওয়ামী লীগের কাছে কখনও চাইতে হয়না, এ ভরসাটা রাখবেন। আগামীতে যত নির্বাচন আসবে প্রত্যেক নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলবো। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত করতে চাই, শান্তি নিরাপত্তা আনতে চাই।’

শেখ হাসিনা বলেন, ‘নৌকা, নূহ নবীর কিস্তি। বিপদে নৌকা মানুষকে রক্ষা করে। জনগণ নৌকায় ভোট দিয়ে সত্তুরের নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করেছে বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আপনারা ভোট দিয়েছেন বলেই দেশের উন্নয়ন করতে পেরেছি।’

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে অনুষ্টিত জনসভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষি সম্পাদক ফরিদুন নাহার লাইলী, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম ও লক্ষ্মীপুরের পৌর মেয়র মো. আবু তাহের প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.