ওয়ান নিউজঃ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১০ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
বুধবার ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আটকরা হলেন, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফজল হকের ছেলে আকতার হোসেন (২০), জাহিদের হোসেনের ছেলে মোহাম্মদ হাসান (১৮), আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ নূর (২০), আব্দুস সালামের ছেলে সাইফুর রহমান (১৮), মৃত আবু জাফরের ছেলে নুরুল আমীন (২৪), মিয়া হোসেনের ছেলে মোহাম্মদ শাহীন (১৯), মো. শমসের আলমের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৩০), নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রফিক (১৮), কামাল হোসেনের ছেলে খাইরুল আমীন (১৯) ও মৃত শহর আলীর ছেলে মোহাম্মদ ইলিয়াছ (২২)।
পুলিশ সুপার তারিকুল বলেন, বুধবার ভোররাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে কতিপয় সশস্ত্র লোকজন ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১৫ জন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ১০ জনকে আটক করা সম্ভব হয়। পরে আটককৃতদের কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয় বলেও জানান তরিকুল ইসলাম।
এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, আটকদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও হত্যাসহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। আটকরা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.