‘সর্বাত্মক লকডাউনে’বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউনে’ দেশের সব ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ থাকবে। এ সময় ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সকল উপ-শাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা। বাংলাদেশ ব্যাংক আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সোমবার বিকালে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। সন্ধ্যায় এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপনও জারি করে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে আবারও এক সপ্তাহের জন্য নেওয়া লকডাউন কর্মসূচির আওতায় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলেছে সরকার। আজ সোমবার কাজ ও চলাচলের ওপর নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্ম এলাকায় অবস্থান করতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর ও সংশ্লিষ্ট অফিস এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.