নামাজ পড়ে বাড়ি ফেরার পথে খুন

টেকনাফ সংবাদদাতা:
টেকনাফের হ্নীলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ঈমান হোছন (১৭) নামের যুবককে গুলিবর্ষণ ও ছুরিকাঘাতে খুন করেছে স্থানীয় চিহ্নিত দুবৃর্ত্তরা। লাশ গুমের চেষ্টা করা হলেও জনতার সহায়তায় পাহাড়ি ঘোনা থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ।
১১ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ঈমান হোছন হ্নীলা পশ্চিম লেদার নুরালী পাড়ার আব্দুর রহিমের পুত্র।
নিহতের বড় ভাই সাদ্দাম হোছন জানান, ঈমান হোছন মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে আকস্মিকভাবে স্থানীয় আবুল হোছনের পুত্র কুখ্যাত ডাকাত ও ইয়াবা কারবারী আব্দুল খালেক প্রকাশ ডাকাত খালেক, আব্দুর রহমান, আব্দুল আ্উয়াল, আবুল কালামের পুত্র নাসিম, জনৈক আব্দুইয়াসহ ১০/১৫জনের একটি গ্রুপ এসে গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় টেনে-হিছড়ে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে নিহতের পিতা স্থানীয় লোকজন নিয়ে পাহাড়ে গিয়ে জাফরের ঝিরি এলাকা হতে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।
এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই জাহিদ হাসান ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছে।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য,গত বছর রমজানের দুইদিন উক্ত দূর্বৃত্তরা নিহতের বড় ভাই সাদ্দামকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় এবং মুক্তিপণ আদায় করে। পরে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে পাহাড়ে গেলে ফেলে পালিয়ে যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.