ওয়ান নিউজ ডেক্সঃ প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফায় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, “কয়েক ধাপে বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়ল। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।”
দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটি ছিল। তবে ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত বছরের শেষ দিকে কওমি মাদ্রাসা বিধিনিষেধ মেনে খোলার অনুমতি দেওয়া হলেও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও ‘ছুটি’ চলছে।
মহামারীর প্রকোপ কিছুটা কমে আসায় এবং এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা বিবেচনা করে গত ২৩ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) স্কুল-কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিতে বলেছিল।
গত ২৪ জানুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি সংসদে বলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর প্রাথমিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস হবে। বাকিরা সপ্তাহে এক দিন করে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করবে। কিন্তু স্কুল খোলার সবুজ সংকেত পেতে এখন অন্তত মার্চের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছরের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে।
গত বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাও হয়নি। গত বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল এ বছর ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা ওপরের শ্রেণিতে উঠেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.