ওয়ান নিউজঃ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০১৮ সালে, নিউজিল্যান্ডে ২০১৯ সালে এবং ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ২০২০ সালে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজে জয়হীন থেকে মাঠ ছাড়া বাংলাদেশের জন্য নতুন কোন খবর নয়। তবে ঘরের মাঠের সিরিজ হলে বড় তো বটেই খবরের শিরোনামও।
ওই হোয়াইটওয়াশ সিরিজের পর দেশের মাটিতে বাংলাদেশ ১৩টি সিরিজ খেলেছে। এরমধ্যে চারটিতে পরাজিত হতে হয়েছে। তবে সিরিজ হারলেও হোয়াইটওয়াশ হতে হয়নি। শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। লঙ্কানদের কাছে একই ব্যবধানে দুই বার। এছাড়া আফগানিস্তানের কাছে এক ম্যাচের সিরিজে হারে বাংলাদেশ।
কারণ ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। হারেনি সিরিজ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ক্রিকেটের এলিট ফরম্যাটে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। রুখে দিয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারতকে পর্যন্ত। অথচ এবার ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দুটিতেই হতাশার হার ‘উপহার’ দিয়েছে বাংলাদেশ।
দীর্ঘ নয় বছর পরে দেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় ডুবেছে। এর আগে ২০১২ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের একটিতে ১০ উইকেটে এবং অন্যটিকে ৭৭ রানে হেরেছিল বাংলাদেশ। তখন টেস্টে বাংলাদেশ না পেত তেমন জয়ের দেখা, না পারতো অতটা লড়াই করতে।
এছাড়া নয় বছর আগের ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন ক্রিস গেইল, শিবনারায়ন চন্দ্রপল, মারলন স্যামুয়েলসদের মতো ক্রিকেটার। অথচ এবার বাংলাদেশ ‘আধা অভিজ্ঞ’ক্যারিবীয়দের বিপক্ষে মেনে নিল হতাশার হার।
বরং ঘরের মাঠে এই সময়ে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আর এবার ঘরের মাঠে ফেবারিট তকমা নিয়ে শুরু করা সিরিজে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা। তাও কিনা নিজেদের পাতা স্পিন ফাঁদে পড়েই।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.