বুধবার সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

ওয়ান নিউজ ডেক্সঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানরে ‘বীর উত্তম’ খেতাবের বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আবোরও বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি। আগামী বুধবার বরিশাল বিভাগ ছাড়া সারাদেশে মহানগর ও জেলায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‌স্থায়ী কমিটির সভায় দেশে স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্র পতনের দাবিতে ও জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে আগামী বুধবার বরিশাল বিভাগ ছাড়া এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি বরিশাল সদরে আয়েজিত সমাবেশে দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

পরবর্তিতে আরও কর্মসূচি আসবে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ধাপে ধাপে অবশ্যই কর্মসূচি থাকবে। এ ছাড়া আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকার পতনের আন্দোলন চলমান আছে। বিভাগীয় সমাবেশ শুরু করতে যাচ্ছি। বরিশালে আমাদের যে সমাবেশও গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে অনুষ্ঠিত হবে। এভাবে আন্দোলনকে আমরা আমাদের লক্ষ্যে নিয়ে যেতে চাই।’ এ সময় জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার সরকারি পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেন তিনি।

ফের টিকার বিকল্প খোঁজার তাগিদ দিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘একটি সোর্সের ওপরে, একটি সাপ্লাইয়ের ওপরে আমাদের নির্ভর করা সমীচিন হচ্ছে না। কোনো দেশই একটি সরবারহকারী প্রতিষ্ঠান থেকে এই ভ্যাকসিন আনার ব্যবস্থা নেয়নি, তারা একাধিক সূত্র থেকে ক্রয়ের ব্যবস্থা নিয়েছে। তাই আমরা এখনো বলছি যে, আমাদের বিকল্প সোর্স যদি খোঁজা না হয়, তাহলে কিছুদিন পরে যে পরিমাণ আমাদের ভ্যাকসিন দেওয়া প্রয়োজন সেই পরিমাণ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না।’

বিএনপি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় দলের স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশের হামলার যে ঘটনা ঘটেছে- এই ঝগড়াটা কে লাগিয়েছে? বিএনপি না সরকারের পুলিশ। তারা আক্রমণ করে আবার তারাই বলে আমরা ঝগড়া লাগাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য আবদুস সালাম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.