নিজস্ব প্রতিবেদক:
টেকনাফের সাবরাং এলাকার নাফ নদীতে থেকে ১৪ হাজার ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচারকার্যে ব্যবহৃত একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
আটক মাদক পাচারকারী হলেন- টেকনাফের বড়ইতলী গ্রামের মো. ইউনুস এর ছেলে মো. নুর (২৪) এবং একই গ্রামের নুর ইসলাম এর ছেলে মো. লিয়াকত আলী (১৮)।
মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক বলেন, টেকনাফের সাবরাং জালিয়াপাড়া ২ নম্বর সুইস এলাকার নাফ নদীতে লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মায়ানমার সীমানা থেকে একটি ডিঙ্গি নৌকা বাংলাদেশের সীমানায় আসতে দেখা যায়। নৌকাটি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা স্পীড বোট নিয়ে ধাওয়া করে নৌকাটি ধরে ফেলে। পরবর্তীতে নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিক প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় নৌকায় অবস্থান করা ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটক মালামাল ও মাদক পাচারকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কমান্ডার আমিরুল হক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.