খালেদা জিয়ার আপিল প্রক্রিয়া রোববার শুরু হবে : মির্জা ফখরুল
খালেদা জিয়ার মুক্তির দাবিতে উচ্চ আদালতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।
আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়ে বলেন, আমরা আশা করছি, আগামী রোববার আইনি প্রক্রিয়ার কাজ শুরু হবে। আমাদের আইনজীবীরা বলছেন যে, রোববার-সোমবারের মধ্যে আমরা এটা প্রসেস করতে পারবো। আমাদের নেত্রী নিজেই বলে গেছেন, আমার মুক্তির জন্য, গণতন্ত্রের জন্যে, আসন্ন নির্বাচনের জন্যে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন হবে অহিংস, সেই আন্দোলন হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। রায়ের সার্টিফাইড কপি এখনো পাওয়া যায়নি সেক্ষেত্রে রোববার আপিল আবেদন করা সম্ভব কি না প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, আমাদের আইনজীবীরা বলছেন, এটা সম্ভব।
এর আগে বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় অবস্থানরত বিদেশী গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি ব্রিফিং করেন বিএনপি মহাসচিব।
এসব গণমাধ্যমের মধ্যে রয়েছে- বিবিসি, ভয়েস অব আমেরিকা, আল জাজিরা, গার্ডিয়ান, এপি, এএফপি, কলকাতা ২৪ ঘণ্টা, জি-নিউজ, সিনহুয়া, জানার্ল রেডিও।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ব. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া সম্পর্কে সরকারের অপপ্রচারের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের দলের চেয়ারপারসন এদেশের ১৬ কোটি মানুষের নেতা। তিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রামের জীবন। তিনি লড়াই করেছেন, উড়ে এসে জুড়ে বসেননি। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সংসদীয় গণতন্ত্র এনেছেন। এদেশে বহু উন্নয়নের কাজের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। তাকে এভাবে একটা মিথ্যা মামলায় অভিযুক্ত করে এবং তার বিরুদ্ধে এখন যেসব প্রচারণা করা সরকারের পক্ষ থেকে আমরা এটাতে শুধু লজ্জ্বিত হচ্ছি না, শুধু দুঃখিত হচ্ছি না। আমরা এটাতে ধিক্কার জানাচ্ছি। আমরা আশা করিনি আওয়ামী লীগের মতো একটা পুরাতন রাজনৈতিক দল তারা আরেকজন রাজনৈতিক নেতাকে এভাবে খারাপ অবস্থায় হেয় প্রতিপন্ন করার জন্য হীনপন্থার আশ্রয় নেবে।
কারাগারে খালেদা জিয়ার সংবাদ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, পত্র-পত্রিকায় যেটা আমরা দেখেছি, খবর যেটা পেয়েছি তা হচ্ছে উনাকে পরিত্যক্ত পুরনো সেন্ট্রাল জেলের সুপারের ঘরে রাখা হয়েছে। আজকে তার পরিবারের সদস্যরা গিয়েছিলেন, তাদের সাথে আমার এখনো কথা হয়নি ঠিক জানি না কি বলেছেন উনি। তবে আমরা প্রত্যাশা করছি যে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দুই বারের বিরোধী দলীয় নেতা, দেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম রাজনৈতিক দলের নেতা তার যেটা প্রাপ্য সেটাই পাওয়া উচিৎ তার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.