কাইছারুল ইসলাম,মহেশখালী
ডিজিটাল আইল্যান্ড খ্যাত মহেশখালী উপজেলার মাতারবাড়ী একটি বিশ্বনন্দিত ইউনিয়ন। যেখানে হতে যাচ্ছে দেশের বৃহত্তম মেঘা প্রকল্প সমূহ। উন্নয়নের ছোঁয়া লাগলেও পরিবর্তন হয়নি যোগাযোগ ব্যবস্থা। মাতারবাড়ী সিএনজি স্টেশন থেকে সাইরার ডেইল পর্যন্ত রাস্তার বেহাল দশা। চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন।
প্রকল্পে নিয়োজিত ভারি যানবাহন, ইট-বালু ভর্তি ট্রাক, পণ্যবাহী যাহবাহন সহ শতাধিক গাড়ি এবং মাতারবাড়ী ইউনিয়নের অধিকাংশ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। রাস্তার পিচ উঠে গিয়ে ছোটবড় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কার না করায় জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তাদিয়ে চলাচল করছে যানবাহনসহ এ এলাকার মানুষ।রাস্তাটি নির্মাণের পর থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, যোগাযোগের ক্ষেত্রে একটা মাত্র সড়ক সিএনজি স্টেশন থেকে সাইরার ডেইল পর্যন্ত, এই রাস্তার করুণ অবস্থা, চলাচল করতে পড়তে হয় বিভিন্ন সমস্যার। অনেক সময় একেবারে হাঁটার অনুপযোগী হয়ে যায় রাস্তাটি। এমনকি যাতায়াতের চরম বিপর্যয়ের ফলে অনেকের হচ্ছে অনাকাঙ্খিত মৃত্যু। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা স্থানীয় জনপ্রতিনিধি কেউ এই বিষয়টি আমলে নিচ্ছেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাকের ডগায় থাকলেও কোন লাভ হচ্ছে না স্থানীয় ভুক্তভোগীদের।
মাতারবাড়ী তিতা মাঝির পাড়া গ্রামের টমটম চালক মিজান জানান, এক সপ্তাহের ব্যবধানে তাঁর টমটমের যন্ত্রাংশ পাঁচবার ভেঙেছে।দুই হাজার টাকায় মেরামত করেছেন। তিনি বলেন, ‘ভালো গাড়ি নিয়ে রাস্তায় বের হলে বাড়ি ফিরতে হয় ভাঙা গাড়ি নিয়ে।’
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাতারবাড়ী এই প্রধান রাস্তাগুলো খানা-খন্দে ভরা। বিশেষ করে বলির পাড়া, মিয়াজীর পাড়া, তিতামাঝির পাড়া, ফুলজান মোরা,বাংলা বাজার, সর্দারপাড়া রাস্তার বেহাল অবস্থা। ভয় নিয়ে যাতায়াত করতে হয় রাস্তাগুলো দিয়ে। ৫-৬ বছরে সংস্কারের ছোঁয়া না লাগাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
মাতারবাড়ী বড় গদার পুলের পূর্ব পাশে গত বর্ষায় গাইডওয়াল পড়ে যাওয়ায় রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে যেকোন মুহূর্তে ঘটতে পারে বড় দূর্ঘটনা।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, এলজিইডি কর্তৃপক্ষের মাধ্যমে আমরা রাস্তাটি সংস্কার করেছি। প্রকল্পের ভারি ভারি যানবাহন চলাচলের কারণে রাস্তাগুলো ভেঙে যায়। মাতারবাড়ী প্রধান সড়কের কাজ দ্রুত শুরু হবে।
স্থানীয়রা সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এবং স্থানীয় চেয়ারম্যানসহ এলজিইডি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.