চূড়ান্ত রোডম্যাপ নিয়ে সংলাপে প্রস্তুত ইসি
ওয়ান নিউজঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন মাসব্যাপী সংলাপ করার পরিকল্পনা করা হয়েছে- এমনটাই জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে রোববার রোডম্যাপটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ সাংবাদিকদের জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এতে সাতটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ১৬ জুলাই এটি বই আকারে প্রকাশ করা হবে।
সংলাপের বিষয়ে সচিব বলেন, ৩০ জুলাই সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। সুশীল সমাজের সঙ্গে ইসির বৈঠকটি ৩১ জুলাই বিকেল ৩টা থেকে শুরু হবে। এছাড়া গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে থেকে সংলাপ শুরু করা হবে জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সংলাপ করা হবে।
সীমানা পুনঃনির্ধারণ ও আইন সংস্কারে দুইজন পরামর্শক নিয়োগ দেওয়া হবে বলেও জানান ইসি সচিব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.