কলকাতায় রেল ভবনে আগুনে নিহত ৯

ডেস্ক নিউজ:
কলকাতার প্রাণকেন্দ্র স্ট্র্যান্ড রোডের পূর্ব রেলের নিউ কয়লাঘাট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীও রয়েছেন। পুড়ে যাওয়া সবার মরদেহগুলো ছিল লিফটে। সোমবার (০৮ মার্চ) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুরানো কলকাতার প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সের কাছের স্ট্র্যান্ড রোড পুরো অচল হয়ে যায়।

এদিকে রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রেলের অনেক পুরনো ভবন এটি। এতে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। সবাই খুব লড়াই করে আগুন নিয়ন্ত্রণ করেছেন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ তলার ভবনটি ভারতীয় রেলের পূর্বাঞ্চলীয় দপ্তর। গতকাল সোমবার সন্ধ্যায় এতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আসে।

আগুনের ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু জানান, রাতে দমকল ও পুলিশ অফিসারদের সঙ্গে ১৩ তলায় উঠে নিজে মরদেহ দেখে এসেছেন। তিনি বলেন, ‘১৩ তলায় পৌঁছে লিফটের দরজা খোলার পর আগুনে ঝলসে প্রায় পুড়ে যান তারা। আমরা উপরে ওঠে দেখি, লিফটের মধ্যেই পাঁচজনের মরদেহ পড়ে রয়েছে। বাইরে পড়েছিল আরও দুজনের দেহ। পোশাক দেখে বোঝা গেছে, তাদের মধ্যে চারজন দমকলকর্মী। এ ছাড়া একজন আরপিএফ এবং একজন হেয়ার স্ট্রিট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। একজন ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি। এ ছাড়া রেলের দুই কর্মী আহত হয়ে শিয়ালদহে বিআর সিংহ হাসপাতালে চিকিৎসাধীন।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.