স্পোর্টস ডেস্কঃ জয়ের জন্য শেষ তিন বলে দরকার ছিল দুটি ছক্কার। ডাচ স্পিনার হেথার সিজারের করা বলে দারুণ দুটি শট হাঁকিয়েছিলেন দলনেতা নিগার সুলতানা জ্যোতি ও নাহিদা আক্তার। কিন্তু দুজনের শটিই বাউন্ডারিতে ক্যাচে পরিণত হয়। তাতেই ৮ রানে হারে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে হারল লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিকে এই জয়ের মাধ্যমে রীতিমতো রেকর্ডই গড়েছে নেদারল্যান্ডস নারী দল। ক্রিকেটের যেকোনো ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়।
এডিনবার্গে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা পায় ডাচরা। এরপর মিডলঅর্ডার ব্যাটারদের দারুণ নৈপুন্যে ১৬২ রানের পুঁজি পায় তারা। সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার হেথার সিজার।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন ফারিহা তৃষ্ণা। একটি করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার ও রাবেয়া খান।
রান তাড়া করতে নেমে দলনেতা নিগার সুলতানা জ্যোতি ছাড়া বলার মতো সুবিধা করতে পারেননি কেউই। ফিফটি পূরণের পর ৭৭ রানে থামে তার ইনিংস। ২৪ বলে ২২ রান করেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। আর বাকি ব্যাটারদের কেউই বিশের কোটায় পার করতে পারেননি। ফলে বাংলাদেশের ইনিংস থামে ১৫৪ রানে।
