ওয়ান নিউজ ডেক্সঃ মাত্র এক বছরে বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১০ ধাপ পেছাল বাংলাদেশ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) চলতি বছরের এ সূচক প্রকাশ করেছে।
মঙ্গলবার সূচকটি প্রকাশিত হয়। যাতে দেখা যায় ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬২তম (স্কোর ৩৬ দশমিক ৬৩)। সূচকের চূড়ায় রয়েছে নরওয়ে। আরএসএফের প্রতিবেদন বলছে, চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশে একজন সাংবাদিক নিহত হয়েছেন এবং তিনজন কারাবন্দি রয়েছেন।
সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত (১৫০), পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৪৬), আফগানিস্তান (১৫৬), নেপাল (৭৬), মালদ্বীপ (৮৭) এবং ভুটান (৩৩)। এবারের সূচকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে মিয়ানমার ছাড়া সবার নিচে বাংলাদেশের অবস্থান। সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমার পিছিয়ে ১৭৬তম স্থানে রয়েছে। গত বছর তাদের অবস্থান ছিল ১৪০। সূচকে ৩২ ধাপ এগিয়ে সবচেয়ে বেশি অগ্রগতি প্রদর্শন করেছে ভুটান; এছাড়াও নেপাল এগিয়েছে ৩০ ধাপ।
এদিকে, টানা ষষ্ঠবারের মতো গণমাধ্যমের স্বাধীনতায় সবচেয়ে এগিয়ে নরওয়ে ৷ তারপর ক্রমান্বয়ে এসেছে ডেনমার্ক, সুইডেন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, কোস্টারিকা, লিথুয়ানিয়া এবং লিশটেনস্টাইনের নাম। আর সবচেয়ে খারাপ অবস্থানে থাকা ১০টি দেশ হলো- উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, ইরান, তুর্কমেনিস্তান, মিয়ানমার, চীন, ভিয়েতনাম, কিউবা, ইরাক ও সিরিয়া।
বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে তার ভিত্তিতে আরএসএফ গত ২০০২ সাল থেকে এই সূচক প্রকাশ করে আসছে। ২০১৩ সাল থেকে বাংলাদেশকেও সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.