ডেস্ক নিউজ
দেশ ছাড়তে নাগরিকদের বাধা দিচ্ছে তালেবান। কাবুল বিমানন্দরের দিকে যাওয়া আফগানদের পথে পথে হয়রানি করছে বলে অভিযোগ আসছে তালেবানের বিরুদ্ধে। রাজধানীর প্রধান নিরাপত্তা চৌকিগুলোতে অবস্থান নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তায় এখনও সাড়ে চার হাজার মার্কিন সেনা অবস্থান করছে। মূলত আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদের ফিরিয়ে নিতে কাজ করে যাচ্ছে তারা। পাশাপাশি আফগান নাগরিকদেরও দেশ ছাড়তে সহায়তা দিয়ে যাচ্ছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, কাবুল দখলে নেওয়ার পরই যেসব আফগান নাগরিকরা দেশ থেকে পালাতে চাইছেন তাদের বাধা দিচ্ছে তালেবান। এমনকি গুলি করারও খবর পাওয়া গেছে। আফগানদের যে শুধু দেশ ছাড়তে বাধা দেওয়া হচ্ছে, এমনটি নয়। অস্ট্রেলিয়ার হয়ে কাজ করা দোভাষী এক আফগানকে গুলি করে হত্যা করেছে তালেবান। তিনি কাবুলের বিমানবন্দরে যাচ্ছিলেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শারমেন বলেন, আফগানদের মধ্যে যারা দেশ ছাড়তে চাইছে, তাদের বিমানবন্দরে যেতে বাধা দিচ্ছে তালেবান। যদিও এখন পর্যন্ত অনেকেই দেশ ছাড়তে পেরেছেন। তবে তালেবানের ভয়ে অনেকেই ভিড় করছেন কাবুল বিমানবন্দরে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.