চুরি করতে গিয়ে ঘুমিয়ে গেলেন চোর, এরপর যা ঘটল

ডেস্ক নিউজ:
দোকানের গুদামে চুরি করতে যান চোর। চুরির একপর্যায়ে গুদামেই ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে মালিক এসে গুদামের মধ্যে ঘুমন্ত অবস্থায় চোরকে আবিষ্কার করেন! পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক চোরের নাম মো. ফোরকান। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার লালানগর ইউনিয়নে এমন ঘটনা ঘটে।

রাঙ্গুনীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী বলেন, বৃহস্পতিবার রাতে নেশা করে একটি গুদামে চুরি করতে যান ফোরকান। চুরির একপর্যায়ে গুদামেই ঘুমিয়ে পড়েন। সকালে গুদাম মালিক মো. আলম এসে তাকে স্থানীয়দের সহায়তায় আটক করেন। পরে পুলিশের কাছে সোপর্দ করেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, এর আগে একাধিকবার চুরির অভিযোগে ফোরকানকে গ্রেফতার করে পুলিশ। তিনি একজন পেশাদার চোর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.