মা-মেয়ের ঘাতক গ্রেফতার

আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ঈদগাঁওর আলোচিত মা-মেয়ে খুনের নায়ক আবুল কালামকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিষয়টি নিশ্চিত করেন সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান।

রোববার (৩১ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে কোথা থেকে, কোন সময় গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে মামলার স্বার্থে আপাতত মুখ খুলতে অপারগতা প্রকাশ করেছে সিআইডি।

সোমবার (১ ফেব্রুয়ারী) দুপুর নাগাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরবে অভিযানকারী সরকারি সংস্থাটি।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি রাতে ৮টার দিকে কক্সবাজারের ঈদগাঁও থানাধীন ইসলাবাদ ইউনিয়নের চরপাড়ায় জায়গা বিরোধের জেরে এলাকার আজিজুল বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে স্কুল শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (১৩) ঠান্ডা মাথায় উপুর্যুপরি কুপিয়ে খুন করে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালাম ও তার নেতৃত্বে সন্ত্রাসীরা। ঘটনার পরপরই খুনির দল পালিয়ে যেতে সক্ষম হয়। আলোচিত এ খুনের ঘটনায় মামলা রজু হয় ঈদগাঁও থানায়।পরবর্তীতে মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্ত ও খুনিদের আটকের স্বার্থে মামলার দায়ীত্ব অর্পিত হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অন্যতম শাখা সিআইডিতে।মামলাটি সিআইডিতে হস্তান্তরের পরপরই সংশ্লিষ্ট বিভাগের আন্তরিক প্রচেষ্টায় আলোচিত এ জোড়া খুনের ঘটনার ১৩ দিনের মধ্যেই প্রধান আসামীকে আটকের সংবাদে জনগণ স্বস্তি প্রকাশ করেছে। তারা বিগত মাস পাঁচেকের মধ্যে ঈদগাঁও থানা ও তার আশপাশ এলাকায় ঘটে যাওয়া আরো তিনটি খুনের ঘটনায় জড়িত খুনিদের আটক ও মামলার অগ্রগতির জন্য মামলা গুলো সিআইডিতে হস্তান্তরের দাবি তুলেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.