সংবাদদাতা:
মাত্র দুশো টাকা খরচ করেই এখন থেকে রাঙামাটির স্থায়ী বাসিন্দার সনদ অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে। আবেদনের পর এই প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে মাত্র ৫দিন। রাঙামাটি জেলার দূরবর্তী উপজেলাগুলোতে ঘরে বসেই সহজ কিছু নির্দেশনা মেনেই স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট অর্জন করতে পারবেন বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক।
এরই মাধ্যমে পাহাড়ের নাগরিকদের বহুদিনের অপেক্ষা ও ভোগান্তির অবসান ঘুচিয়ে নাগরিক সেবা সহজীকরণে আরো একধাপ এগিয়ে গেলো দেশের সর্ববৃহৎ জেলা রাঙামাটির জেলা প্রশাসন কর্তৃপক্ষ। রাঙামাটির পাহাড়ি দুর্গম এলাকা থেকে জেলা সদরে এসে আবেদন করা এবং সনদপত্র গ্রহণ খুবই সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল হয়ে দাঁড়াতো। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের যে অঙ্গীকার তাঁর যথাযথ বাস্তবায়নের একটি ফসল এই অনলাইন নাগরিক সেবা।
রোববার রাঙামাটি জেলাপ্রশাসনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ-এনডিসি।
রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এর সভাপতিত্বে ডিজিটাল সেবাটির পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন। নিজের উপস্থাপনায় তিনি বলেন, রাঙামাটির স্থায়ী বাসিন্দার সনদ প্রাপ্তির জন্য যেকোন সার্চ ইঞ্জিন থেকে Residence Rangamati এই keyword দিয়ে সার্চ করলেই সরাসরি search result থেকে http://residence.dc-rangamati.gov.bd/home এই ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। এছাড়াও রাঙামাটি জেলা প্রশাসনের যে বাতায়ন http://www.rangamati.gov.bd থেকে এই সাইটে প্রবেশ করা যাবে। নতুন সনদের আবেদন, অগ্রগতি পর্যালোচনা, সনদ ডাউনলোড, হালনাগাদ এবং যাচাইয়ের মত সুবিধাসহ আপাতত এই সাইটের মাধ্যমে প্রদান করা হচ্ছে।
বাংলা এবং ইংরেজী দুই ধরনের সনদই পাওয়া যাবে এই ওয়েবসাইট থেকে এবং দু’টি ভাষাতেই একসেস্ করার সুযোগ রয়েছে। যোগাযোগ করার জন্য আছে আলাদা সাব মেনু। যাবতীয় প্রশ্নসমূহ যা সচরাচর জিজ্ঞাসা করা হয়ে থাকে তার উত্তর আগে থেকেই দিয়ে দেয়া হয়েছে। নতুন সনদ প্রাপ্তির জন্য ফি নির্ধারণ করা হয়েছে সাধারন সনদের জন্য ২০০ টাকা এবং জরুরি ভিত্তিতে ৪০০ টাকা এবং সংশোধনের জন্যও একই পরিমাণ ফি নির্ধারণ করা হয়েছে। ফি প্রদানের জন্য ডিজিটাল লেনদেন মাধ্যম নগদ, বিকাশ, রকেটের ন্যায় মোট ১৬টি পেমেন্ট গেটওয়ে রয়েছে। ট্রেকিং আইডি থাকার কারনে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.