কক্সবাজারের অলিগলি ছেয়ে গেছে উদ্ভট যাদু চিকিৎসার পোস্টারে!

 

CW বাংলা রিপোর্ট::

হঠাৎ করে একধরণের বিশেষ চিকিৎসা সেবা সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে কক্সবাজার শহর। সড়কে স্থাপিত বিদ্যুত খুঁটি, অলি, গলি, দেয়াল এমন কোনো জায়গা নেই যেখানে লাগেনি এসব পোস্টার। উক্ত প্রচারপত্রে অঙ্কিত রয়েছে অদ্ভুত সব খন্ড চিত্র। মানুষের দৈনন্দিন সব সমস্যার সমাধান করে ফেলবেন এমন আশ্বাস দেওয়া হয়েছে সেসব প্রচারপত্রে। তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের উৎকর্ষতার এই যুগে বরাবরের মতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাধারণ মানুষের মনে বড় ধরণের বিভ্রান্তি ছড়াচ্ছে বিশেষ চিকিৎসার এসব চিকিৎসকেরা।

লোমহর্ষক ব্যাপার হলো- নানাবিধ ভোগান্তির কারণে সাধারণ মানুষ একদিকে যেমন আধুনিক শল্য চিকিৎসা হতে মুখ ফিরিয়ে নিচ্ছে; অন্যদিকে এসব কথিত কবিরাজি, বৈদ্যালি, তান্ত্রিক চিকিৎসায়ও অহরহ ঝুঁকছে। প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে পথে বসেছে অজ¯্র মানুষ। কোনো কোনো প্রচারপত্রে বাংলাদেশ সরকার অনুমোদিত এবং রেজিস্ট্রেশন প্রাপ্ত বলেও উল্লেখ রয়েছে। যেখানে একটি রেজিস্ট্রেশন নাম্বারও দেওয়া আছে।

খোজ নিয়ে জানা যায়, যাদুবিদ্যায় পারদর্শী এসব চিকিৎসক যার যার ব্যাক্তিগত নাম ও মোবাইল নাম্বার দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এদের সংখ্যা নেহায়েতই কম নয়। অনুসন্ধানে এপর্যন্ত কমপক্ষে শতাধিক পৃথক পৃথক নামে পোস্টার সাঁটাতে দেখা গেছে। বছর খানেক পূর্বেও এদের আনাগোনা শুধুমাত্র গ্রামে গঞ্জে সীমাবদ্ধ ছিলো। কিন্তু সম্প্রতি শহরে যেখানে আধুনিক বুদ্ধিজ্ঞান সম্পন্ন মানুষের বসবাস সেখানেও তাদের উপদ্রব শুরু হয়ে গেছে। প্রচারকৃত পোস্টারে বেশিরভাগেরই ঠিকানা উল্লেখ করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানের দিকে। আর ধর্মীয় দিক দিয়ে গুটি কয়েক মুসলিমের পাশাপাশি রয়েছে ভিন্ন ধর্মাবলম্বী কথিত বৈদ্য চিকিৎসকরাও। অনুসন্ধানে ‘ব’ আদ্যক্ষরের একজন বৈদ্যের সাথে কথা বলে জানা যায়, তারা কখনওই সরাসরি চিকিৎসা দেন না। যা সেবা দেন মুঠোফোনেই। কক্সবাজারে তাদের কোনো কার্যালয় নেই। মুঠোফোনেই যেকোনো ধরণের সমস্যার সমাধান করে ফেলতে পারেন বলে দাবী করে লোকটি।

আধুনিক তথ্য প্রযুক্তির যুগে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা এসব কথিত বৈদ্যালি কবিরাজি যাদুবিদ্যা চিকিৎসার আজগুবি প্রচারনা রীতিমত ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে। অথচ এসংক্রান্ত সংশ্লিষ্ট চিকিৎসা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও অন্ধকারে রয়েছে বলে মনে করছেন শিক্ষিত সমাজ। শিক্ষানবিস একজন আইনজীবি জানান- এই উদ্ভট চিত্র ব্যাখ্যা বিশ্লেষণে ভরপুর প্রচারপত্র ও কথিত চিকিৎসা আজ একদিনেই এখানে প্রসারিত হয়নি। প্রশাসনের ঢিলেঢালা ভূমিকা ও দায়সারা তৎপরতার কারণে গ্রাম ছাড়িয়ে এখন সারা শহরে এসবের প্রচার প্রচারণা চালানোর সুযোগ পাচ্ছে। প্রশাসন কেনো তাদের বিষয়ে নজর দিচ্ছে না এটা রহস্যজনক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.