মাংস সংরক্ষণের প্রয়োজনীয় কিছু টিপস
ওয়ান নিউজ ডেক্সঃ আর কদিন পরই কোরবানির ঈদ। আর কোরবানির ঈদ মানেই গরু কেনা, গরু রাখা এবং ঈদ পরবর্তী সময়ে মাংস বিতরণ করা। তাই এই ঈদে থাকে মাংসের ছড়াছড়ি। তবে ঈদে মাংস সংরক্ষণে নানা ভুল ধারণার কারণে স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। মাংসে প্রায়ই টিনিয়া সোলিয়াম নামের পরজীবীর সংক্রমণ হয়। তাই মাংস কাটা, প্যাকেট করা ও ঠাণ্ডা করায় সতর্কতা প্রয়োজন।
>> রান্না বা কাঁচা যা-ই হোক না কেন, বড় বড় টুকরা করা ভালো। কাঁচা মাংস যত দ্রুত সম্ভব ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। ডিপ ফ্রিজে ১৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যথাযথভাবে সংরক্ষণ করলে মাংস পাঁচ-ছয় মাস পর্যন্ত ভালো থাকে।
>> মাংস বাতাসবিহীন প্যাকেটে রাখতে হবে। প্লাস্টিকের প্যাকেট বা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা যায়। কাঁচা মাংসের পানি যতটা সম্ভব ঝরিয়ে কাটবেন। মাংসে যত পানি থাকবে, ততই এর মধ্যে ব্যাকটেরিয়ার বিস্তার ঘটবে।
>> রান্না করা মাংস ফ্রিজে রাখতে হলে ভাগ ভাগ করে পৃথক পাত্র বা কনটেইনারে রাখবেন। একেকবার খাবার সময় একেকটি কনটেইনার বের করে গরম করবেন।
>> যাদের ফ্রিজ নেই, তারা পানি না দিয়ে কম মসলায় মাংস কষিয়ে রাখতে পারেন। এই মাংস প্রথম দুই দিন দিনে দুবার গরম করতে হবে। এরপর দিনে একবার করে গরম করলেও চলবে। ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢাকনা দেওয়া যাবে না।
>> কাঁচা মাংস ফ্রিজে সর্বোচ্চ তিন-পাঁচ দিন রাখা যায়, ডিপ ফ্রিজে পাঁচ-ছয় মাস। মাংসের কিমা ফ্রিজে এক-দুই দিন, ডিপ ফ্রিজে দুই-তিন মাস রাখা যাবে। রান্না মাংস ফ্রিজে এক-দুই দিন, ডিপ ফ্রিজে দুই-তিন মাস ভালো থাকে। চপ, কাটলেট, কাবাব ফ্রিজে তিন-চার দিন, ডিপ ফ্রিজে তিন-চার মাস ভালো থাকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.