হাসপাতালেই মিলল নিখোঁজ চবি শিক্ষার্থী

ডেস্ক নিউজ:
অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এসএম আবরার লাবিবের সন্ধান পাওয়া গেছে। দুই দিন আগে যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন, সেই মা ও শিশু হাসপাতালেই মিলেছে তার সন্ধান।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে লাবিবকে পাওয়া যায়। দুপুরে তার পরিবারের কাছে অজ্ঞাত স্থান থেকে প্রতারণামূলক ফোন করার নয় ঘন্টার মধ্যেই সন্ধান পাওয়া গেল তার। এসময় পরিবর্তিত পোশাক পরিধান করে ছিল লাবিব।

বিষয়টি নিশ্চিত করে লাবিবের চাচাতো ভাই এস‌এম ফাতরাশ বলেন, লাবিবের কথা অনুযায়ী সে প্রথমে সিলেট গেছে, এরপর ঢাকা হয়ে আবার এখানে এসেছে। সে নিখোঁজ হওয়ার সময় যে জামা-কাপড় পরেছিল এখন তার কিছুই নেই। কিন্তু সে কার সাথে গেছে, কিভাবে গেছে সে কিছুই বলতে পারছে না। এখনও আমরা ধোঁয়াশার মধ্যে আছি।

এর আগে মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন লাবিব। ওই হাসপাতালে করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে লাবিবের বাবা। সেখানেই বাবার দেখাশোনা করতেন লাবিব। নিখোঁজের পরদিন ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে লাবিবের পরিবার।

এদিকে বৃহস্পতিবার দুপুর একটার দিকে নিজেকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস‌আই জসিম উদ্দিন পরিচয় দিয়ে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া ও লাবিবের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এক ব্যক্তি। তিনি লাবিবকে উদ্ধারের দাবি করেন। কিন্তু খোঁজ নিয়ে জানা যায় ওই কলটি ছিল প্রতারণামূলক।-সিভয়েস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.