সু চির মুক্তি চেয়ে মিয়ানমার সেনাবাহিনীকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

ওয়ান নিউজ ডেক্সঃ  মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চিসহ তার দলের বেশ কয়েকজন নেতাকে আটক করেছে দেশটির সামরিক বাহিনী। এ প্রতিবেদনের পর মিয়ানমার সেনাবাহিনীকে সতর্ক করে সু চিসহ আটককৃতদের মুক্তির জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ বিবৃতি দিয়েছে।

মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে জানিয়ে ওই বিবৃতিতে সাকি বলেন, ‘যুক্তরাষ্ট্র, মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফল পাল্টে দেয়ার বা গণতান্ত্রিক রূপান্তর ব্যাহত করার যে কোনো উদ্যোগের বিরোধিতা করে এবং এসব পদক্ষেপ থেকে সরে না এলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, সু চি ও আটক অন্যান্য নেতাদের মুক্তি দেওয়ার জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার স্থানীয় সময় ভোররাতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী সু চি এবং দলটির জ্যেষ্ঠ নেতাদের আটক করে জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী।

গত বছর অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে মিয়ানমারের বেসামরিক সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার পর এসব ঘটনা ঘটল।

গত বছরের সাধারণ নির্বাচনে করা ‘জালিয়াতির’ প্রতিক্রিয়ায় সরকারের জ্যেষ্ঠ নেতাদের তারা আটক করেছে বলে মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.