মামলা থেকে শিপ্রার অব্যাহতির বিরুদ্ধে পুলিশের নারাজি

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহকর্মী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে মাদক আইনের মামলায় র‌্যাবের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে আপত্তি জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (রামু) মো. দেলোয়ার হোসেনের আদালতে রামু থানার উপ-পরিদর্শক ও মামলার বাদী শফিকুল ইসলাম নারাজি দেন।
পুলিশের না রাজি আবেদন নিলেও উভয়পক্ষের বক্তব্য শুনে যেকোন দিন আদেশের দিন ধার্য করবেন বলে জানিয়েছেন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের আদালত।
একই সাথে বিচারক এ মামলায় শিপ্রা দেবনাথকে স্থায়ী জামিন দিয়েছেন বলে তার আইনজীবী অরূপ বড়ুয়া তপু জানিয়েছেন।
আদালত প্রাঙ্গণে শিপ্রা দেবনাথ বলেন, আমি স্থায়ী জামিন পেয়েছি। এতে সন্তুষ্টির কিছু নেই। কারণ আর সিনহা ফিরে আসবে না। যে বাস্তবতা সেটা তদন্ত বেরিয়ে এসেছে। আমাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তা প্রমাণিত হচ্ছে।
এর আগে গত ২১ ডিসেম্বর পুলিশের দায়ের করা মাদক মামলায় শিপ্রার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সত্যতা মিলেনি বলে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন র‌্যাবের তদন্ত কর্মকর্তা এডিশনাল এসপি বিমান চন্দ্র কর্মকার।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। সিনহার গাড়ি থেকে মাদক উদ্ধারের অভিযোগ এনে টেকনাফ থানায় দুটি মামলা করে পুলিশ। মামলায় সিনহা এবং তার সাথে থাকা সিফাতকে আসামি করা হয়।
অপরদিকে একইদিন নীলিমা রিসোর্টের সিনহার ভাড়া করা রুম থেকে তার আরেক সহকর্মী শিপ্রাকে গ্রেপ্তার করে পুলিশ। ওইসময় রুমে মাদক পাওয়া যায় দাবি করে শিপ্রার বিরুদ্ধেও রামু থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.