রেকর্ড গড়ে পাকিস্তানকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ওয়ানডেতে ৩০০’র বেশি রান তাড়া করে জেতার নজির আগে ছিল না ওয়েস্ট ইন্ডিজের। শুক্রবার গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের গড়া ৫ উইকেটে ৩০৮ রানের স্কোর তাড়া করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা গড়েছে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ৩০০’র বেশি রান তাড়া করে জেতার রেকর্ড। রেকর্ড গড়া জয়ে ক্যারিবীয়রা যতটা খুশি, তার চেয়েও বেশি খুশি বাংলাদেশ!   ক্যারিবীয়দের এই জয়ের মধ্য দিয়ে যে নিশ্চিত হয়ে গেছে, এই সিরিজে অন্তত আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তান বাংলাদেশকে টপকে যেতে পারছে না।  তাই নিরাপদই মনে হচ্ছিল। হবেই না কেন! শেষ ১৩ ওভারে ক্যারিবিয়ানদের দরকার ছিল ১২৮ রান! সরফরাজ আহমেদের পাকিস্তানও তখন অনেকটা নির্ভার! কিন্তু হঠাৎই যেন খোলস ছেড়ে বের হলেন জেসন মোহাম্মেদ। তার ৫৮ বলে অপরাজিত ৯১ রানের দানবীয় ইনিংসে এক ওভার হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ গড়েছে । সঙ্গে সিরিজে ১-০তে লিড নিয়েছেন জেসন হোল্ডাররা।

দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন মোহাম্মেদ। গেল মাসে ইংল্যান্ডের বিপক্ষে। ফিরেই হাঁকিয়েছিলেন টানা দুইটি হাফসেঞ্চুরি। কিন্তু কোন ম্যাচ জেতাতে পারেননি। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা হেরেছিল ৩-০তে। আক্ষেপটা ছিল! পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের মাত্র ৬ষ্ঠ ম্যাচ খেলতে নেমেই হয়ে গেলেন জয়ের নায়ক। কচুকাটা করেছেন মোহাম্মদ আমির-ওয়াহাব রিয়াজ-হাসান আলীদের নিয়ে গড়া পাকিস্তানের বোলিং লাইনআপ। ১১ চার আর ৩ ছয়ে ৯১ রান করে দলকে উপহার দিলেন জয়।

আট নম্বরে ব্যাট করতে নেমে অফস্পিনার অ্যাশলে নার্স যোগ্য সঙ্গ দিয়েছেন মোহাম্মেদকে। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ৩৪ রান। দুজনের অবিছিন্ন জুটিটা ৫০ রানের। মাত্র ৪.৩ ওভারে ওভারপ্রতি ১১.১১ গড়ে রান তুলেছেন তারা। এই ম্যাচে অভিষেক হয়েছে টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করা লেগ স্পিনার শাদাব খানের। ৫২ রানে ২ উইকেট নিয়ে তিনি ছিলেন পাকিস্তানের সফল বোলার। আমিরও ২ উইকেট পেয়েছেন ৫৯ রান খরচায়।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৮৫ রান যোগ করে বড় স্কোরের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার আহমেদ শেহজাদ ও কামরান আকমল। চার বছর পর দলে ফিরে কামরান খেলেন ৪৭ রানের ইনিংস। শেহজাদের ব্যাট থেকে আসে ৬৭ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেন মোহাম্মদ হাফিজ। ৯২ বলে ৬ চার আর ৩ ছয়ে এই রান করেন ডানহাতি অলরাউন্ডার হাফিজ। শেষদিকে শোয়েব মালিকের ৩৮ বলের ঝড়ো ৫৩ রানে ৩০৮ রানের পুঁজি পায় পাকিস্তান। ক্যারিবিয় ডানহাতি অফস্পিনার নার্স ৬২ রানে ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৩০৮/৫ (৫০ ওভারে) (শেহজাদ ৬৭, কামরান ৪৭, হাফিজ ৮৮, মালিক ৫৩, সরফরাজ অপরাজিত ২০; হোল্ডার ৫৮/১, নার্স ৬২/৪)

ওয়েস্ট ইন্ডিজ: ৩০৯/৬ (৪৯ ওভারে) (লুইস ৪৭, পাওয়েল ৬১, মোহাম্মেদ অপরাজিত ৯১, নার্স অপরাজিত ৩৪; আমির ৫৯/২, হাফিজ ৩৫/১, রিয়াজ ৬৯/১, শাদাব ৫২/২)

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.