ওয়ান নিউজ ডেক্সঃ ভর্তি জালিয়াতি ও অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিযোগে নয় শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড (ডিবি)। এদের মধ্যে ৭ জনকে স্থায়ী এবং আরো দুজকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের (ডিবি) এক সভায় এ সিদ্ধান্ত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকালে শৃঙ্খলা বোর্ডের ওই বৈঠকে ভর্তি জালিয়াতদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন, ফজলুল হক মুসলিম (এফএইচ) হলের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাকসুদুর রহমান, কবি জসিম উদ্দিন হলের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিজন আহমেদ, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার তামান্না, কবি জসিম উদ্দিন হলের ফিন্যান্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহ মেহেদী হাসান, স্যার এ এফ রহমান হলের ইতিহাস বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের দর্শন বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম, অমর একুশে হলের ভুগােল ও পরিবেশ বিভাগের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মােঃ শাহেদ আহমেদ।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ কলেজগুলোর বিভিন্ন পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে ১৪৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ২০১৩-১৪ সেশন থেকে শুরু করে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগ সাত জনকে স্থায়ী বহিষ্কার ও দুই জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে ১৪৭ জনকে সাজা দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.