বিশ্বের সবচেয়ে প্রশংসিত ১৫ টেক কোম্পানি

ওয়ান নিউজ ডেক্সঃ সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রশংসিত টেক কোম্পানির তালিকা প্রকাশ করেছে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফরচুন। বিশ্বজুড়ে ৩ হাজার ৮০০ করপোরেট নির্বাহীর ওপর জরিপ চালিয়ে তৈরি তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এছাড়া ফরচুনের তালিকায় প্রশংসিত কোম্পানি হিসেবে জায়গা পেয়েছে একগুচ্ছ মার্কিন প্রযুক্তি কোম্পানি। ফরচুনের তালিকায় জায়গা পাওয়া ১৫টি সবচেয়ে প্রশংসিত প্রযুক্তি কোম্পানি নিয়ে আয়োজনের আজ প্রথম পর্ব—

অ্যাপল:

আইফোন নির্মাতা অ্যাপল টানা ১৪ বছর ধরে বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানি তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে। এবারো ব্যতিক্রম ঘটেনি। কভিড-১৯ মহামারীর মধ্যে অ্যাপলের ব্যবসায় উল্লম্ফন দেখা গেছে। গত বছর শেষে কোম্পানিটির রাজস্ব আয় ২৭ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া গত বছর শেষে অ্যাপলের পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে ৬ হাজার ৬০০ কোটি ও ৫ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছেছে।

 

অ্যামাজন:

ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত টেক কোম্পানি তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। কভিড-১৯ মহামারীর মধ্যে অনলাইন কেনাকাটা বেড়ে যাওয়ায় জেফ বেজোস প্রতিষ্ঠিত অ্যামাজনের ব্যবসায় উল্লম্ফন দেখে গেছে। গত বছর শেষে মার্কিন প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ৩৮ হাজার ৬০০ কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া গত বছর প্রতিষ্ঠানটির পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে ২ হাজার ২০০ কোটি ও ২ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছেছে।

 

মাইক্রোসফট:

বৈশ্বিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানি তালিকায় টেক হিসেবে তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। গত বছর শেষে মাইক্রোসফটের রাজস্ব আয় ১৪ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছেছে। একই বছর শেষে প্রতিষ্ঠানটির পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে ৫ হাজার ৩০০ কোটি ও ৪ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছেছে।

 

অ্যালফাবেট:

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশন ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানি তালিকায় টেক হিসেবে চতুর্থ শীর্ষ এবং সামগ্রিকভাবে সপ্তম অবস্থানে রয়েছে। গত বছর শেষে মার্কিন প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ১৮ হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। একই বছর শেষে অ্যালফাবেটের পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে ৪ হাজার ১০০ কোটি ও ৪ হাজার কোটি ডলারে পৌঁছেছে।

 

সেলসফোর্স:

মার্কিন ক্লাউড-বেজড সফটওয়্যার ফার্ম সেলসফোর্স ডটকম ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানি তালিকায় টেক হিসেবে পঞ্চম সামগ্রিকভাবে দ্বাদশ অবস্থানে রয়েছে। গত বছর শেষে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ১ হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে। একই বছর প্রতিষ্ঠানটির পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে ২৯ কোটি ৭০ লাখ ও ১২ কোটি ৬০ লাখ ডলারে পৌঁছেছে।

 

সূত্র: গ্যাজেটস নাউ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.