ডেস্ক নিউজ:
আমদানিকারকেরা দীর্ঘদিনেও খালাস না নেওয়ায় ২৯৮ কনটেইনার পণ্য ধ্বংস করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ। বন্দর দিয়ে আমদানি করা এসব পণ্যের ওজন প্রায় ৬ হাজার টন। তারই ধারাবাহিকতায় আজ সোমবার (২৯ মার্চ) ২৭টি কনটেইনার পণ্য ধ্বংস করা হয়।
নগরের উত্তর হালিশহরের বে-টার্মিনাল সংলগ্ন বেড়িবাঁধ রোডের চৌধুরী পাড়ায় অবস্থিত একটি খোলা জায়গায় এসব পণ্য ধ্বংস করা হয়। পণ্যগুলোর মধ্যে রয়েছে ফলমূল, মাছ, ফিশ ফিড, মিট অ্যান্ড বোন মিলসহ বিভিন্ন পণ্য।
জানা গেছে, আমদানিকারকেরা এসব পণ্য দেশে আনার পর নানা কারণে বন্দর থেকে খালাস করেননি। সে জন্য অধিকাংশ পণ্যই পচে-গলে নষ্ট হয়ে গেছে।
চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা যায়, পণ্যগুলো মাটিচাপা দিয়ে ধ্বংস করার জন্য পর্যাপ্ত ক্রেন, স্কেভেটর, ট্রেলার, ট্রাকসহ প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করারা হয়। এই কাজ শেষ হতে অন্তত ১০ দিন সময় লাগার সম্ভাবনা রয়েছে। পণ্যগুলো ধ্বংস করা হলে বন্দরে প্রায় ৩শ কনটেইনার রাখার জায়গা খালি হবে।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম শাখার ডেপুটি কমিশনার ফয়সাল বিন রহমান জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে বিভিন্ন সময়ে আমদানি করা ২৯৮ কনটেইনার পণ্য ধ্বংস করার কাজ শুরু হয়েছে। আজ ২৭ কনটেইনার পণ্য ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, ‘পণ্য ধ্বংসের কাজ আমরা একা করতে পারি না। পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশনকে সাথে নিয়ে আমাদের কাজ করতে হয়। সকলের সাথে আলোচনা করে পণ্যগুলো ধ্বংস করার জন্য নগরের উত্তর হালিশহরের বেড়িবাঁধ সংলগ্ন একটি পাঁচ একর বেষ্টিত জায়গা নির্বাচন করা হয়েছে।’ দ্রুত কাজগুলো শেষ করা হবে বলে জানান তিনি। -সিভয়েস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.