ইমাম খাইর#
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ১৩ বছর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত।
এ মামলায় ১৫ অক্টোবর থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ মামলার চার্জ গঠনের আদেশ দেন।
এর মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হলো।
আসামীর আইনজীবী রফিকুল ইসলাম গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযোগ গঠন হওয়ায় আগামী ১৫ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে ৪৩ লাখ টাকার তথ্য গোপন ও ৬৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। ওই সময় বদি টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন।
আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুইবারের সংসদ সদস্য। ইয়াবা পাচারসহ বিভিন্ন কর্মকাণ্ডে তুমুল সমালোচনার মুখে ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হন। সেই আসনের বর্তমান সংসদ সদস্য তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী।
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০৫

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.