টেকনাফে রোহিঙ্গা শিবিরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ইমাম খাইর#
টেকনাফের হোয়াইক্যংয়ে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নুর হাকিম (২৭) নামের একজন রোহিঙ্গা নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত ২৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১০ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নুর হাকিম চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের সি- ব্লকের হোসেন আলীর ছেলে।
টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সিআইসি সাধনা ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এখনো বিস্তারিত জানাতে পারেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার হাকিমপাড়া ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সি ব্লকে যায়। সেখানে তাদের সাথে তোহা বাহিনীর ৬০-৭০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে নিহত হয় নুর হাকিম। আহতদের সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রনে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শিবিরটির কয়েকজন বাসিন্দা জানান, ভোরে হঠাৎ গোলাগুলির শব্দে ঘুম ভেঙে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ গোলাগুলি। এসময় শত শত গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
টেকনাফ হোয়াইক্যংয়ে চাকমারকুল রোহিঙ্গা শিবিরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন ইনচার্জ (এপিবিএন) ইন্সপেক্টর মনির হোসেন জানান, শিবিরে দুইদল ডাকাতের মধ্য গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ২৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এঘটনায় পাহাড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.