ঝিনাইদহে এবার চায়ের দোকানদারকে অপহরণের পর মুক্তিপণ দাবী

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহ সদর উপজেলার পান্তপাড়া গ্রামের উজ্জল হোসেন মন্ডল (৪০) কে অপহরণের পর মুক্তিপন দাবী করেছে সন্ত্রাসীরা। নিখোঁজের ৮ দিন পর উজ্জল তার নিটাত্মীয়দের কাছে ফোন করে জানিয়েছেন, টাকা দিয়ে আমার জীবন বাঁচাও। উজ্জলের বাবা গনজের মন্ডল জানান, গত ২৬ মার্চ বাড়ি থেকে হরিণাকুন্ডুর রিশখালী বাজারে চায়ের দোকানে যাওয়ার পর থেকে তার ছেলের কোন সন্ধান নেই।

 

তিন দিন পর আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামে তার আত্মীয় আব্দুস সাত্তারের কাছে ফোন করে জানায়, আমি খুব বিপদে আছি, আমার জীবন বাঁচাও। এরপর গত শনিবার উজ্জল তার প্রবিবেশি এক ভাবির কাছে ফোন করেও এক কথা জানায় বলে বাবা গনজের মন্ডল জানিয়েছেন।

 

এ ব্যাপারে গত রোববার হরিণাকুন্ডু থানায় একটি জিডি করা হয়েছে। এদিকে উজ্জল নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারটি শোকে ভেঙ্গে পড়েছে। হতদরিদ্র পরিবারটি এতো টাকা কোথায় পাবে তা নিয়ে চিন্তায় পড়েছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, আমরা উজ্জলকে উদ্ধারের চেষ্টা করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.