সৈয়দুল কাদের :
হাসপাতাল, ক্লিনিক ও ডাক্তারের প্রাইভেট চেম্বারে প্রবেশে ব্যাপক কড়াকড়ি। রোগীর সাথে একজনের অধিক দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করায় কমে এসেছে ভীড়। জীবানুনাশক স্প্রে দিয়ে কিংবা সাবান দিয়ে হাত ধুয়ে প্রবেশ করা বাধ্যতামুলক করেছে কর্তৃপক্ষ। এরপরও রোগী দেখার সময় সর্বোচ্চ সতর্ক থাকছেন চিকিৎসক ও সংশ্লিষ্টরা।
ডাক্তারের শরাপন্ন হতে যেখানেই যান না কেন আপনাকে হাত ধুয়েই প্রবেশ করতে হবে। কয়েকটি ক্লিনিক, প্যাথলজী ও ডাক্তারের চেম্বারে প্রবেশ করতে দুইবার স্প্রে করে নিতে হচ্ছে রোগী ও রোগীর সহযোগীর হাত। গতকাল বিকেলে শহরের বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও প্যাথলজিতে ঘুরে এমন দৃশ্য দেখা যায়। প্রবেশে এমন কড়াকড়ি কক্সবাজার সদর হাসপালেও করা প্রয়োজন বলে মনে করছেন বিশিষ্টজনরা।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, সদর হাসপাতালে প্রবেশে ইতোমধ্যে কড়াকড়ি আরোপ করা হয়েছে। হাত পরিষ্কার করতে বসানো হবে ১০টি বেসিন। হাত পরিস্কার না করে কোন রোগী কিংবা রোগীর সহযোগীকে প্রবেশ করতে দেওয়া হবে না। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টরা যাতে নির্বিঘ্নে চিকিৎসা কার্যক্রম চালাতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পানবাজার সড়কস্থ ডক্টরস চেম্বারে গিয়ে দেখা যায় প্রবেশদ্বারে দু’দফা চেকপোস্ট বসানো হয়েছে। প্রথমবারে বেসিনে হাত ধুয়েছেন কিনা নিশ্চিত করে দ্বিতীয়বার হাতে স্প্রে করেছে কিনা সাথে মাক্স আছে কিনা নিশ্চিত করবে। এর জন্য বসানো হয়েছে বেসিন ও স্প্রে মেশিন। তা নিশ্চিত হলেই ডাক্টারের চেম্বারে প্রবেশের সুযোগ পাচ্ছেন রোগীরা।
চিকিৎসা নিতে আসা সাফিয়া বেগম জানিয়েছেন, দুইবার হাত পরিস্কার করার পর ডাক্তারের চেম্বারে প্রবেশ করেছি। আবার ডাক্তার জিজ্ঞাসা করেন ঠিকমত হাত ধুয়েছি কিনা। চিকিৎসা করতে গেছি অন্য বিষয়ে কিন্তু ডাক্তার শুরুতে আমাকে করোনা ভাইরাসের ব্যাপারে সতর্কতামুলক দিকনির্দেশনা দিলেন। সত্যিই ভাল লেগেছে। হাত পরিস্কার করে ও মাক্সসহ প্রবেশ করা বাধ্যতামুলক করায় আমি নিজে স্বস্থি পেয়েছি।
শহরের সিআইসি প্যাথলজীতেও দেখা গেল একই দৃশ্য। প্রবেশদ্বারেই স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছে একজন। কেউ আসলে তাঁকে হাতে স্প্রে করে দিচ্ছেন। কেউ স্প্রে না করতে চাইলে তাঁকে সবিনয়ে বের করে দিচ্ছেন। ওই প্যাথলজির ১ম তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত একই দৃশ্য। ডাক্তারের চেম্বারের সামনে তেমন জটলা নেই। নিরাপদ দুরত্বে চেয়ারে বসেছেন রোগী ও রোগীর সহযোগীরা।
চিকিৎসা নিতে আসা শাহ ওমর জানিয়েছেন, যে যার মত সতর্ক রয়েছেন। আমরা চাই হাসপাতাল, ক্লিনিক ও প্যাথলজী এভাবেই পরিচালিত হোক। ডাক্তারের একজন সহকারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, রোগীর সংখ্যা অনেক কমে গেছে। রোগীর সাথে সহযোগীও কম আসায় সর্বত্র ফাঁকা অবস্থা বিরাজ করছে।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.