আহমদ গিয়াস :
কোন বিদেশী রোহিঙ্গা ক্যাম্পে যেতে চাইলে তাকে আগেই কক্সবাজারে পক্ষকালের হোম কোয়েরেন্টাইনে থাকতে হবে। করোনা সতর্কতার অংশ হিসাবে কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এ নিয়ম চালু করেছে। তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পর কোন বিদেশী রোহিঙ্গা ক্যাম্প সফরে আসেনি। এদিকে করোনা ভাইরাস পরীক্ষার টেস্টিং কিট এখনও কক্সবাজারে এসে না পৌঁছায় আপাতত সন্দেহভাজন আক্রান্তদের চট্টগ্রামের ফৌজদারহাটে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিন।
তিনি বলেন, করোনা ধরা পড়লে আলাদা করে রাখার জন্য সদর হাসপাতালে ১০ শয্যার আইসোলেশন বেড প্রস্তুত রাখা রয়েছে। তবে টেস্টিং কিট না থাকায় সন্দেহভাজন আক্রান্তদের আপাতত চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) -এ পাঠিয়ে দেয়া হবে। এরআগে দুইজনকে ঢাকায় পাঠানোর পর পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসে।
আগামী কয়েকদিনের মধ্যে কক্সবাজারে টেস্টিং কিট এসে পৌঁছাতে পারে আশা করে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, তখন কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া গেলে তাকে রামু অথবা চকরিয়ায় আইসোলেশন সেন্টারে পাঠানো হবে।
করোনা সতর্কতায় কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো বুধবার বিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পরদিন বৃহস্পতিবার বিকালে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলও বন্ধ ঘোষণা করা হয়। এরপর শুক্রবার সব ধরনের সভা-সমাবেশ, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠান এবং শনিবার পশুর হাটের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়া বিদেশ ফেরত ব্যক্তি ও তাদের সংস্পর্শে আসা সকলকে হোম কোয়েরেন্টাইনে থাকারও নির্দেশনা জারি করা হয়েছে। অন্যদিকে জেলা স্বাস্থ্য বিভাগ করোনা প্রতিরোধে রোগীদের টেলি চিকিৎসার পরামর্শ দিয়েছে।
করোনা প্রতিরোধে গত কয়েকদিনের টানা প্রচারণা ও নানা নিষেধাজ্ঞার পর শহরের রাস্তাঘাটে লোকজনের চলাফেরা একেবারেই কমে এসেছে। তবে গ্রামগঞ্জের স্টেশনগুলোতে এর কোন প্রভাব পড়েনি। বরং কোন কোন স্থানে আরো বেড়েছে। গত বৃহস্পতিবার থেকে সৈকতের প্রবেশমুখ, শহর ও শহরের বাইরে চেকপোস্ট বসিয়ে গাড়ী চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইতোমধ্যে করোনা রোগীদের জন্য কক্সবাজারের রামু ও চকরিয়ায় ৫০ শয্যা করে ১শ শয্যার কোয়েরেন্টাইন ও আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনও কাউকে সেখানে ভর্তি করা হয়নি। তবে জেলায় বিদেশ ফেরত ১৭০০ জনের মধ্যে ৬৬ জনকে হোম কোয়েরেন্টাইনে থাকার নির্ধেশ দেয়া হয়েছে। পাশাপাশি তাদের তাদের সংস্পর্শে আসা ব্যক্তিবর্গকেও হোম কোয়েরেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে বিদেশ ফেরত ও বিদেশীদের চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। কোন বিদেশী রোহিঙ্গা ক্যাম্পে যেতে চাইলে তাকে আগেই কক্সবাজারে ১৪ দিনের হোম কোয়েরেন্টাইনে থাকতে হবে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পর করোনা সতর্কতার অংশ হিসাবে কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এর কার্যালয় এ নিয়ম চালু করলেও এই সময়ে কোন বিদেশী রোহিঙ্গা ক্যাম্প সফরে আসেনি বলে জানান কক্সবাজার আরআরআরসি অফিসের মুখপাত্র ও অতিরিক্ত আরআরআরসি (উপসচিব) সামশুদ্দোজা নয়ন।
তিনি জানান, গত ১৭ মার্চ অস্ট্রেলিয়া থেকে আসা একজন রোহিঙ্গা ১২ নম্বর ক্যাম্পে ইনচার্জের অধীনে হাসপাতাল কোয়ারান্টাইনে পর্যবেক্ষণে রয়েছেন। ওই রোহিঙ্গা একজন অস্ট্রেলিয়ান নাগরিক, ]স্বজনদের দেখতে অস্ট্রেলিয়া থেকে রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন। তবে রোহিঙ্গা ক্যাম্পে করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী এখনও শনাক্ত হয়নি বলে জানান তিনি।
করোনা সতর্কতায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পগুলোতে এনজিও এবং আইএনজিও গুলোর কার্যক্রমও সীমিত করা হয়েছে বলে জানান অতিরিক্ত আরআরআরসি (উপসচিব) সামশুদ্দোজা নয়ন।
তিনি জানান, জমায়েত ও সমাবেশ জাতীয় কোন কিছু না করার উপর কঠোর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জরুরী অত্যাবশ্যকীয় সামগ্রী ছাড়া অন্য কোন সামগ্রী সরবরাহও সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমকে। এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্বলিত লিফলেট, হ্যান্ডবিল বার্মিজ ভাষায় অনুবাদ করে ক্যাম্পে বিলি করা হচ্ছে।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.