জমে উঠেছে সানফ্লাওয়ার

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘সানফ্লাওয়ার’ এরইমধ্যে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। এটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। আজ রাত ৮টা ২০ মিনিটে নাটকটির ৫০তম পর্ব প্রচার হবে বলে জানালেন নির্মাতা। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন অপূর্ব, তারিন ও উর্মিলা। তারিন বলেন, ‘ধারাবাহিকটিতে অভিনয় করার কারণ হচ্ছে এর গল্প আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া এবারই প্রথম আমি নাটকে একজন ইলেকট্রিশিয়ানের চরিত্রে অভিনয় করেছি। যা সাধারণত ছেলেরাই করে থাকেন। ফলে এই চরিত্রটিতে অভিনয় করা আমার জন্য একটি চ্যালেঞ্জিং বিষয় ছিলো। পাশাপাশি ধারাবাহিকটির নির্মাতা রাজু ভাই খুব ভালো মনের, ঠা-া মেজাজের একজন মানুষ। মানুষকে আগে ভালো হতে হয়, তারপর তার কাজ দিয়ে মেধাকে প্রমাণ করতে হয়। গেলো সপ্তাহেই ধারাবাহিকটির শুটিং চলাকালীন সরাসরি দর্শকের কাছ থেকে সাড়া পেয়েছি।’ অপূর্ব বলেন, ‘এমন অনেক ধারাবাহিকে অভিনয় করি, যেসব নাটকের সম্পূর্ণ জার্নিটা সম্পর্কে আমার জানা থাকে না। কিন্তু সানফ্লাওয়ার ধারাবাহিকটির জার্নি সম্পর্কে আমার জানা আছে। আমি জানি নাটকের কোন পর্যায়ে কী হবে না হবে। যখন শিল্পী তার চরিত্রের গন্তব্য পর্যন্ত জেনে কাজ করে, তখন কাজের প্রতি তার অগাধ ভালোবাসা থাকে। তাই সানফ্লাওয়ার ধারাবাহিকটির প্রতি রয়েছে আমার অন্যরকম ভালোবাসা’। ‘সানফ্লাওয়ার’ প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হয়। এদিকে তারিন আরও নতুন দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। একটি ‘আমাদের হাটখোলা’ এবং অন্যটি ‘ল্যাম্পপোষ্ট’। ‘আমাদের হাটখোলা’য় তার সঙ্গে রয়েছেন আ খ ম হাসান, সাজু খাদেম ও আরফান। ‘ল্যাম্পপোষ্ট’-এ আছেন মোশাররফ করিম। অপূর্ব অভিনীত প্রথম চলচ্চিত্র ‘গ্যাংস্টার রিটার্নস’ গত বছর মুক্তি পায়। চলতি বছর তার নতুন আরেকটি চলচ্চিত্রে অভিনয়ের কথা রয়েছে। ধারাবাহিক নাটকে অভিনয়ের পাশাপাশি অপূর্ব এখন ব্যস্ত রয়েছেন আগামী ঈদের নাটকের শুটিংয়ে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.