চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫১৩ রান
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫১৩ রানের বড় সংগ্রহই গড়েছে বাংলাদেশ। তবে এ সংগ্রহের পরও লিডের ভাবনা কঠিন করে দিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৮১ রান তুলেছে দলটি। শুরুতে উইকেট হারানোর পর লঙ্কান ইনিংসের ভিত্তিটা এখন বেশ মজবুত। বড় সংগ্রহের ইঙ্গিতই দিচ্ছে তারা। কিন্তু তারপরও লিড নেওয়ার প্রত্যয় প্রকাশ করেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুমিনুল হক। তৃতীয় দিনে বোলাররা ভালো কিছু করবেন বলেই প্রত্যাশা করছেন বাংলার ব্রাডম্যান খ্যাত এ ব্যাটসম্যান।
দ্বিতীয় দিন শেষে ৩৩২ রানে এগিয়ে আছে বাংলাদেশ। তবে সফরকারীদের মাত্র ১টি উইকেট নিতে পেরেছে টাইগাররা। উইকেটে দারুণ সেট হয়ে গেছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস। ধনাঞ্জয়াতো সেঞ্চুরিই তুলে নিয়েছেন। আর পথেই আছেন মেন্ডিস। তবে শুক্রবারের প্রথম সেশনে দুই তিনটি উইকেট নিতে পারলেই লিড পাবেন বলে আশা করছেন মুমিনুল, ‘লিড জরুরি। সবার কাছেই মনে হয়। কাল প্রথম সেশনে তিন চারটা উইকেট বের করতে পারলেই লিডে চলে যাব। বোলাররা জায়গা মতো বল করলেই সেটা সম্ভব। আমার ওই বিশ্বাস আছে।’
এদিন স্কোর আরও বড় করার সুযোগ ছিলো টাইগারদের। কারণ উইকেট এখন পর্যন্ত ব্যাটসম্যানদেরই সহয়তা করছে। দ্বিতীয় দিনের শুরুতেই আউট হয়েছেন মুমিনুল। ফলে শুরুতে কিছুটা চাপে ছিল বাংলাদেশ। আর একটা দুইটা সেশন ব্যাট করতে পারলে ৬০০ রানের বেশি দলীয় স্কোর হতো বলে মনে করেন লিটল মাস্টার, ‘এসব উইকেটে আপনি যখন ১৭০ করবেন সবাই আশা করবে আপনি আরও এক দুই সেশন ব্যাট করবেন। আমি যদি এক সেশন ব্যাট করে লাঞ্চে যেতে পারতাম তাহলে ৬০০এর বেশি হয়ে যেত।’
তবে উইকেটের আচরণ খুব শিগগিরই ঘুরে যেতে পারে বলে আশা করছেন মুমিনুল। আর তা হলে লিড বাংলাদেশই পাবে বলে মনে করেন তিনি, ‘কালকের চেয়ে আজকে প্রথম দিকে কঠিন ছিল না। কিন্তু শেষ ওভারে টার্ন করা শুরু করছে। আমার মনে হয়েছে কালকে আরও বাড়বে। কারণ আমার মনে হয় এসব উইকেটে যত দিন যায় তত বেশি ক্র্যাক থাকে, স্পিন তত বেশি ধরে।’
দিনের শেষ বেলায় কিছুটা টার্ন পেয়েছিলেন স্পিনাররা। তাই শুক্রবার বোলাররা ভালো করবেন বলেই আশা করছেন মুমিনুল, ‘এখন একটু স্পিন হচ্ছে। লাস্ট স্পেলে তাইজুল ভালো করেছে, নয়ন (সানজামুল) ভাইও ভালো বল করছে। আমার মনে হয় কালকে বেশি স্পিন ধরবে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.