বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেক্সঃ রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাত ৮টার পর তিনি বঙ্গভবনে গেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস।

গতকাল দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে আবদুল হামিদকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ মনোনয়ন দেয়া হয়।

মনোনয়নের পর আজ সৌজন্যতার অংশ হিসেবে তার সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী।

তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ৫ ফেব্রুয়ারি। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ফেব্রুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। নির্বাচন হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, ২০১৩ সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর ২৪ মার্চ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান ছিলেন আবদুল হামিদ। পরে ২২ এপ্রিল তিনি বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর তিনি দায়িত্ব গ্রহণ করেন ২৪ এপ্রিল। আগামী ২৩ এপ্রিল তার ৫ বছর মেয়াদ পূর্ণ হবে। আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার আগে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্পিকার হিসেবে দু’বার দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আবদুল হামিদসহ ২০ মেয়াদে ১৭ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.