ডেস্ক নিউজ:
পেট্রোল-ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব পন্থা অবলম্বন করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজ গাড়ি ছেড়ে নীল রঙের হেলমেট পরে মোটরসাইকেলে চড়ে যাত্রা করেন তিনি। এসময় তার গলায় ছিল প্রতিবাদী ব্যানারও।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা নাগাদ নিজের কালীঘাটের বাড়ি থেকে অফিসের উদ্দেশে বাইকটির পেছনে রওনা হন তিনি। চালকের আসনে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ইলেকট্রিক বাইকটিকে ঘিরে থাকেন নিরাপত্তারক্ষীরাও। এদিকে, অফিসে পৌঁছেই মমতা জানিয়ে দেন, ওই স্কুটিতে চেপেই বাড়ি ফিরবেন তিনি।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে দেশের জনগণের দুর্দশা বাড়িয়ে চলছে, রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, তার প্রতিবাদ করতেই আজ এই সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, “রান্নাঘরে আগুন লেগেছে। ভোট এলে বলে (বিজেপি) বিনামূল্যে গ্যাস দেবে। উল্টো এর দাম বাড়িয়ে দেয়। এদের থেকে বড় ভাঁওতাবাজ নেই।’
জ্বালানির লাগামহীন দামবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পেট্রোলপণ্যকে সাধারণ মানুষের নাগালের ভেতর রাখতেই এ দাবি জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.