ওয়ান নিউজ স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে, স্কটল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩০ রানে হারের পর জয়ের ধারায় ফিরলো ইংলিশরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কোলকাতার ইডেন গার্ডেনসে স্কটল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড।
টসে জিতে স্কটল্যান্ডকে ব্যাটিং-এ পাঠায় ইংলিশরা। ব্যাট করতে নেমে ওপেনার মাইকেল জোনসের ২০ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস ও রিচি বেরিংটনের ৩২ বলে ৪৯ রানের ইনিংস দারুণ সূচনা দেয় স্কটল্যান্ডকে। কিন্তু দলীয় ১১৩ রানে টম ব্রুসের উইকেটের পর দ্রুত ভেঙে পড়ে স্কটল্যান্ডের ব্যাটিং অর্ডার। শেষ দিকে অলিভার ডেভিডসনের ২০ রানের ওপর ভর করে ১৫২ রানে পৌঁছে স্কটিশদের সংগ্রহ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফিল সল্ট এবং দ্বিতীয় ওভারে জস বাটলারের উইকেট হারিয়ে চাপে পরে ইংল্যান্ড। পরে জ্যাকব বেথেল আর টম ব্যান্টনের ৬৬ রানের জুটিতে পরিস্থিতি সামাল দেয় ইংলিশরা। বেথেলের সংগ্রহ ৩২ রান। টম ব্যান্টন ৪১ বলে ৬৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলে ৫ উইকেটের জয় পায় ইংল্যান্ড। এছাড়া স্যাম কুরান করেন ২৮ রান।
ম্যাচ জয়ী ইনিংস খেলে ৬৩ রানে অপরাজিত থাকায় প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার ওঠে টম ব্যান্টনের হাতে।
‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় ইংল্যান্ড এখন ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের অবস্থান ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে।
স্কটল্যান্ড: ১৯.৪ ওভারে ১৫২। ইংল্যান্ড: ১৮.২ ওভারে ১৫৫/৫। ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.