সিলেটে জঙ্গি আস্তানা থেকে গুলি, গ্রেনেডের শব্দ

ওয়ান নিউজ ডেক্সঃ সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে ২ রাউন্ড গুলি ছুড়েছে জঙ্গিরা। জবাবে পুলিশও পাল্টা ফাঁকা গুলি ছোড়ে। এ সময় একটি গ্রেনেড বিস্ফোরণের শব্দ পাওয়া যায় সেখান থেকে। এছাড়া বাড়ির ভেতর থেকে কয়েকজন একসঙ্গে আল্লাহু আকবার ধ্বনি দিতে শোনা গেছে। ঘিরে রাখা বাড়িটির নাম ‘আতিয়া মহল’ বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ৩টা থেকে দক্ষিণ সুরমার শিববাড়িস্থ জহির তাহির মেমোরিয়াল স্কুলসংলগ্ন বাড়িটি ঘিরে রাখা হয়। রাতে বাড়ি থেকে বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে স্থানীয়রা জানান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মূসা বলেন, গুলি ও গ্রেনেড বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে  বলেন, ইতোমধ্যে ঢাকা থেকে সোয়াটের টিম রওনা দিয়েছে, আগে থেকে অবস্থান করা আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।

এর আগে তিনি জানান,  ঢাকা থেকে আসা টিমের সাথে রাত ৩টা থেকে বাড়িটি ঘিরে রেখেছে মেট্রোপলিটন পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গি সন্দেহে এ অভিযান শুরু হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। গভীর রাতে ৫তলা ভবনের ওই বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

সরেজমিনে শিববাড়িতে গিয়ে দেখা যায়, গোটা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। যে বাড়িকে ঘিরে রাখা হয়েছে সে বাড়ির আশপাশে গণমাধ্যম কর্মীদের যেতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি স্থানীয় জনসাধারণদের চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাই কমান্ডের নির্দেশনায় অভিযান শুরু হয়েছে। গণমাধ্যম কর্মীদের যেকোনো ব্রিফিং হাই কমান্ড থেকে করা হবে। ৫তলা ভবনের ওই বাড়িতে বাড়িওয়ালার পাশাপাশি বেশ কিছু ভাড়াটে রয়েছেন। সাধারণ মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য ঢাকা থেকে সোয়াত টিম আসার পর অভিযান শুরু হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.