ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব: ডা. শফিকুর রহমান

জাতি যেনতেন নির্বাচন চায় না

ওয়ান  নিউজঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি যেনতেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে।

শনিবার (৭ জানুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুরে নিজ গ্রামে ঈদুল আজহা উদযাপনে নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার‌ ভাটেরা ইউনিয়নে শৈশবের বহু স্মৃতিবিজড়িত নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের নামাজ আদায় করেন ডা. শফিকুর রহমান। পরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুর রহমান বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মনিয়োগ ও আল্লাহর সন্তুষ্টির পরীক্ষা। এই মহিমান্বিত দিনে আমাদের প্রতিজ্ঞা হোক – অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। দেশের চলমান সংকট উত্তরণে জাতিকে সত্য, ন্যায় ও ইসলামী আদর্শের পথে ঐক্যবদ্ধ হতে হবে।

জামায়াতের আমির কোরআন ও হাদিসের আলোকে হযরত ইব্রাহিম (আ.) এর ত্যাগের শিক্ষা তুলে ধরে একটি কল্যাণকর আদর্শ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

ঈদের নামাজে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল করিম ও ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.