ঢাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ওয়ান নিউজঃ ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

এতে আরও উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এসময় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সমাবেশে নারীদের সমসুযোগ ও সমমর্যাদার ভিত্তিতে সমতায়ন তথা নারী-পুরুষের সমঅংশীদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সমাজ এগিয়ে যাবে তখনই যখন নারী-পুরুষ সমানভাবে এগিয়ে যাবে। সমাজ ও দেশের উন্নয়নে নারীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীদের শিক্ষা ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.