চট্টগ্রাম বিভাগীয় কমিশনার করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বিভাগীয় করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম আজাদ এনডিসি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে নমুনা দেয়ার পর রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে কোভিড-১৯ পজিটিভের বিষয়টি নিশ্চিত করা হয়।

তাঁর স্ত্রী ও ১ ছেলের শরীরেও করোনা শনাক্ত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর বিআইটিআইডিতে নমুনা দেয়ার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি ও তাঁর স্ত্রী-সন্তান বর্তমানে ডিসি হিলস্থ বাংলোতে হোম আইসোলেশনে আছেন।

চট্টগ্রাম বিভাগে করোনাভাইরাস প্রতিরোধে প্রথম থেকেই নেতৃত্ব দিয়ে আসছেন বিভাগীয় কমিশনার। সরকারী ও নির্ধারিত বেসরকারী হাসপাতালগুলোতে কোভিড-১৯ চিকিৎসা সেবা ও হোম আইসোলেশন সেন্টার চালুকরণ, সাধারণ বেডের পাশাপাশি ভেন্টিলেটরসহ আইসিইউ বেড স্থাপন, প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ এবং চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ কাজে তিনি আন্তরিকভাবে ভূমিকা রেখে চলেছেন।

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.