নিজস্ব প্রতিবেদকঃ করোনা মহামারীতে অবৈধ প্রবাসীদের দুরাবস্থা নিয়ে আল জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার ঘটনায় গ্রেফতার বাংলাদেশি যুবক মো. রায়হান কবিরকে ৩১ আগস্ট দেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া।
মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির এক নেতা জানান, দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ স্থানীয় এক সংবাদমাধ্যমে জানিয়েছেন- রায়হান কবিরের বিরুদ্ধে তদন্ত শেষ হলেই তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। কখন তাকে দেশে ফেরত পাঠানো হবে নির্দিষ্ট করা বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের প্রথম ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হবে।
চলতি লকডাউনে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সে দেশে বসবাসরত অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করেছে বলে আলজাজিরা টেলিভিশনকে জানিয়েছেন রায়হান কবির (২৫)।
‘লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন’ শিরোনামে ২৫ মিনিটের ডকুমেন্টারিটি আলজাজিরা টেলিভিশনে ৩ জুলাই প্রচারিত হলে মালয়েশিয়াজুড়ে তোলপাড় শুরু হয়। ওই অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হওয়ার পর মালয়েশিয়া সরকার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবেদনটিকে ‘ভিত্তিহীন ও মিথ্যাচার’ বলে অভিহিত করে।
অবৈধ প্রবাসীদের দুরাবস্থা নিয়ে সাক্ষাৎকার দেওয়ার কারণে মালয়েশিয়ার পুলিশ ও ইমিগ্রেশন স্পেশাল ব্রাঞ্চ কুয়ালালামপুরের একটি কনডোমোনিয়ামে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করে। এরপর তদন্তের স্বার্থে তাকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.