ওয়ান নিউজ ডেক্সঃ করোনা মহামারির শুরু থেকে সমালোচনার মুখে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন।
মঙ্গলবার তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।
সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান গণমাধ্যমকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
গত মার্চে দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর পিপিই-মাস্কসহ চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম না দেয়া, করোনা নিয়ে শুরুতে তৎপরতা না দেখানোসহ নানা কারণে স্বাস্থ্য অধিদপ্তরের সমালোচনা ছিল। নিজে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে সম্প্রতি এক ব্রিফিংয়ে দেশে দুই থেকে তিন বছর করোনা থাকবে এমন মন্তব্য করে কড়া সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।
এছাড়া নমুনা পরীক্ষা না করেই ভুয়া কোভিড সনদ দেয়ার অভিযোগ ওঠা জেকেজি হেলথকেয়ার নামের প্রতিষ্ঠানটির অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়া, অনুমোদনহীন রিজেন্ট হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে অধিদফতর থেকে অনুমোদন পাইয়ে দেয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দু’দফা কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়।
জানা যায়, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজে উদ্যোগী হয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে নিয়োগ দেন। কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার পরই তার বিরুদ্ধে চরম দায়িত্বহীনতা, কর্তব্যে শৈথিল্য, পক্ষপাত এবং নানা দুর্নীতির অভিযোগ ওঠে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.