পাপিয়াকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে আদালতে দুদকের আবেদন

নিজস্ব প্রতিবেদক:
কারাবন্দি যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়াকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই বিষয়ে অনুমতি চেয়ে গত ১৩ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা।

দুদক সূত্র থেকে জানায়, শামিমা নূর পাপিয়ার সঙ্গে তার স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে এই জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে দুদকের পক্ষ থেকে। দুদকের পক্ষ থেকে আবেদনের বিষয়টি নিশ্চিত করলেও এই বিষয় বিস্তারিত কিছু জানাতে রাজি হননি অনুসন্ধান কর্মকর্তা।

জ্ঞাত আয় বহির্ভূত উপায়ে অর্থ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে চলতি বছরের ১ মার্চ পাপিয়া ও সুমন চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে মাদক ব্যবসা, জাল টাকার ব্যবসা, অনৈতিক কর্মকাণ্ডে কোটি টাকার সম্পদপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। বহিষ্কৃত এই নেত্রী ও তার স্বামী সুমন চৌধুরীর আটকের পর তাদের নামে নরসিংদীর প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংকে অর্ধডজন অ্যাকাউন্টের খোঁজ পায় দুদক। এসব ব্যাংক হিসাবেও জমা থাকা টাকার কোনো বৈধ উৎস খুঁজে পাননি অনুসন্ধান কর্মকর্তা।

এছাড়া অনুসন্ধানে পাপিয়ার যেসব অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে, সেগুলোর মধ্যে হাটেল ওয়েস্টিনে বিল হিসাবে জমা সাড়ে তিন কোটি টাকা। এছাড়া রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে উদ্ধার করা ৬০ লাখ টাকা ও নরসিংদীর শহরে তার একটি বাড়ি।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া ও স্বামী সুমন চৌধুরীকে গ্রেপ্তার করে। বিমানবন্দর থানা ও শেরেবাংলা নগর থানায় গ্রেপ্তার দেখানোর পর ডিবি ও র‌্যাব রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর থেকে তারা কাশিমপুর কারাগারে রয়েছেন। রাজধানীর বিমানবন্দর ও শেরেবাংলা নগর থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিংয়ের অভিযোগে পাপিয়া ও সুমন চৌধুরীর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে গত ২৯ জুন অস্ত্র আইনের মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর উপ-পরিদর্শক মো. আরিফুজ্জামান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.