মহাপ্রতারক সাহেদের বিরুদ্ধে একদিনে ৯২ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
র‌্যাবের হটলাইনে গত ২৪ ঘণ্টায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে ৯২টি অভিযোগ এসেছে। এর মধ্যে টেলিফোনে ৭২টি ও বাকিগুলো মেইলে এসেছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৯২টি অভিযোগই একই ধরেণর। সাহেদ নানাভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত বলে এসব অভিযোগ থেকে জানা যাচ্ছে। ভোক্তভোগিদের অনেকে আইনী পদক্ষেপ নিচ্ছে।

গত ৬ ও ৭ জুলাই উত্তরায় সাহেদের রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের অফিসে অভিযান চালিয়ে কোভিড- ১৯ পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ার প্রমাণ পায় র‌্যাব। এই ঘটনায় ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। মামলার পর থেকে সাহেদ পলাতক ছিলেন।

নয় দিন পর বুধবার সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এখন মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশের কাছে ১০ দিনের রিমান্ডে আছেন সাহেদ।

রিজেন্ট হাসপাতাল জালিয়াতির মামলায় গ্রেপ্তার সাহেদের ব্যাপারে ভুক্তভোগীরা যেকোনো তথ্য বা অভিযোগ বা আইনি সহায়তা পেতে র‌্যাবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এক খুদে বার্তায় শুক্রবার এ কথা জানিয়েছিল র‌্যাব। এজন্য র‌্যাব একটি হটলাইন নম্বর দিয়েছে। নাম্বারটি হলো: ০১৭৭৭৭২০২১১। এ ছাড়া চাইলে ই–মেইলও করা যাবে এই ঠিকানায়: rabhq.invest@gmail.com

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.